মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসীদের নির্বাসনের ঘোষণার পর সেলেনা গোমেজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) ক্ষোভ জানিয়ে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওটি প্রকাশের পর অনেকে সেলেনার প্রসংশা করছেন, অনেকে আবার করছেন সমালোচনা। বলা যায়, রীতিমত দু’টি গ্রুপ দাঁড়িয়ে গেছে সেলেনার পক্ষে-বিপক্ষে।
আমেরিকান সংগীতশিল্পী লানা দেল রে, যিনি ট্রাম্পের রাজনৈতিক স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন’- এর সমর্থক। তিনি সেলেনাকে একহাত নিয়েছেন।
সেলেনা ইনস্টাগ্রাম স্টোরি থেকে ভিডিওটি ডিলেট করে দিয়েছেন। তবে ভিডিওতে সেলেনার সমালোচনা করে লানা দেল রে- এর মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চিত হচ্ছে।
লানা দেল মন্তব্য করেছেন, ‘জিনিসপত্র গুছিয়ে তোমার মেক্সিকো ফিরে যাওয়া উচিত। তোমার দাদীকে সঙ্গে নিয়ে যাও।’
সেলেনা ভিডিওটিতে বলেন, ‘আমি খুবই দুঃখিত। আমার সমস্ত লোক আক্রমণের শিকার হচ্ছে...! বাচ্চারা, আমি বুঝতে পারছি না। আমি খুবই দুঃখিত! আমি যদি কিছু করতে পারতাম কিন্তু আমি পারছি না। আমি জানি না কী করবো। আমি সর্বোচ্চ চেষ্টা করবো, আমি প্রতিশ্রুতি দিচ্ছি।’
ভিডিওর ক্যাপশনে সেলেনা ‘আমি দুঃখিত’ লিখেছিলেন। সেইসাথে ব্যবহার করেছিলেন মেক্সিকান পতাকার ইমোজি।
ভিডিও নিয়ে তীব্র প্রতিক্রিয়ার পর, সেলেনা আরেকটি ইনস্টাগ্রাম স্টোরি শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘মানুষের প্রতি সহানুভূতি দেখানো স্পষ্টতই ঠিক নয়।’
তবে, এই পোস্টটিও দ্রুতই মুছে ফেলা হয়েছে।
উল্লেখ্য, সেলেনা দীর্ঘদিন ধরে অভিবাসন অধিকার নিয়ে সোচ্চার। এমনকি এর উপর ভিত্তি করে তিনি ২০১৯ সালে ‘লিভিং আনডকুমেন্টেড’ নামে একটি নেটফ্লিক্স ডকুমেন্টারি তৈরি করেছিলেন। সেলেনার পুর্বপুরুষ মেক্সিকান।





