বক্স অফিসে দারুণ শুরু করেছে ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’। বৃহস্পতিবারের প্রিভিউ শো থেকেই সিনেমাটি আয় করেছে ৪.৭ মিলিয়ন ডলার। ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে টানা ছয় সপ্তাহ ধরে বক্স অফিসের এক নম্বরে থাকা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর রাজত্ব শেষ হতে পারে।
ওয়ার্নার ব্রাদার্সের এই ফ্যান্টাসি সিক্যুয়েলটি চলতি সপ্তাহান্তে মুক্তির পর প্রথম সপ্তাহে ৩০ থেকে ৪০ মিলিয়ন ডলার আয় করতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আন্তর্জাতিক বাজার থেকে আরও ১৮ থেকে ২৫ মিলিয়ন ডলার আয় হতে পারে। সব মিলিয়ে সিনেমাটির গ্লোবাল ওপেনিং দাঁড়াতে পারে ৪৮ থেকে ৬৫ মিলিয়ন ডলার। সিনেমাটি নির্মাণে খরচ হয়েছে প্রায় ৭৫ মিলিয়ন ডলার।
১৯৯৮ সালের কাল্ট ক্লাসিক ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক’-এর ২৫ বছর পরের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’। সিনেমাটিতে আবারও স্যালি ও গিলিয়ান ওউয়েন্স চরিত্রে ফিরেছেন স্যান্ড্রা বুলক ও নিকোল কিডম্যান।
দুই বোনই ডাইনি এবং তাদের পরিবারের ওপর রয়েছে ভয়ংকর এক অভিশাপ। তারা যেসব পুরুষকে ভালোবাসেন, শেষ পর্যন্ত তাদের মৃত্যু হয়। এবার সেই পারিবারিক অভিশাপ ভাঙার চেষ্টা করবেন স্যালি ও গিলিয়ান। তাদের সঙ্গে থাকবে স্যালির দুই মেয়ে কাইলি ও অ্যান্টোনিয়া।
সুজান বিয়ের পরিচালনায় সিনেমাটিতে স্যান্ড্রা বুলক ও নিকোল কিডম্যান ছাড়াও অভিনয় করেছেন জোয়ি কিং, মেইসি উইলিয়ামস, স্টকহার্ড চ্যানিং, ডায়ান উইস্ট, লি পেস, জোলো মারিদুয়েনা ও সলি ম্যাকলিওড।
আন্তর্জাতিকভাবে ৯ সেপ্টেম্বর এবং উত্তর আমেরিকায় ১১ সেপ্টেম্বর ‘প্র্যাকটিক্যাল ম্যাজিক ২’মুক্তি পেয়েছে।
এদিকে একই সপ্তাহে মুক্তি পেয়েছে ডিজনির মিউজিক ডকুমেন্টারি ‘ওয়েসিস: ডোন্ট লুক ব্যাক ইন অ্যাঙ্গার’। সিনেমাটি প্রথম সপ্তাহে ৫ থেকে ৭ মিলিয়ন ডলার আয় করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ডকুমেন্টারিতে জনপ্রিয় ব্যান্ড ওয়েসিস-এর দুই ভাই লিয়াম গ্যালাঘার ও নোয়েল গ্যালাঘারকে দেখা যাবে। ২০০৯ সালের পর প্রথমবার তারা একসঙ্গে ফিরে এসে তাদের বহুল প্রতীক্ষিত ওয়ার্ল্ড ট্যুরে অংশ নেওয়ার গল্পই তুলে ধরা হয়েছে সিনেমাটিতে।

আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি


