এআই অভিনেতাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ফরাসি অভিনেত্রী মারিয়ন কতিয়ার। তাদের আলুর সঙ্গে তুলনা করেছেন তিনি। তার মন্তব্য, বর্তমানে এআই অভিনেতারা আলুর মতো অভিনয় করে।
পাঁচ বছর পর আবারও সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে ফিরেছেন মারিয়ন কতিয়ার। উৎসবে তিনি চলচ্চিত্র নির্মাণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’ এর ক্রমবর্ধমান ব্যবহার নিয়ে কথা বলেছেন।
তিনি জানান, বর্তমানে এআই অভিনেতারা ‘আলুর মতো অভিনয় করে’—তাই তিনি সহজেই তাদের সঙ্গে মানব অভিনেতার পার্থক্য বুঝতে পারেন।
মারিয়ন কতিয়ার বলেন, ‘যেদিন কোনও এআই অভিনেতার অভিনয়ে আমি আবেগাপ্লুত হব, সেদিন আমি সত্যিই ভয় পেয়ে যাবো। এখন পর্যন্ত আমার মনে হয়, তারা আলুর মতো অভিনয় করে, আর সেটাই আমাকে আশ্বস্ত করে। আমি ভাবি, একদিন কি এমন হবে যে আমি বুঝতেই পারবো না, একজন অভিনেতা আসলে এআই? স্বীকার করতেই হবে, বিষয়টি আমাকে ভাবায় এবং কিছুটা ভয়ও দেখায়।’
এআই নিয়ে কতিয়ারের এই মন্তব্য এসেছে অভিনেতা টম ক্রুজের সাম্প্রতিক বক্তব্যের পরপরই। এ তারকা বলেন, ‘চলচ্চিত্র নির্মাণে মানবসৃষ্টিশীলতার এখনও বিশেষ গুরুত্ব রয়েছে। তার মতে, ভবিষ্যতে চলচ্চিত্রশিল্পে এআই-এর ব্যবহার আরও বাড়বে, তবে দর্শকরা বাস্তব অভিনয় এবং মানব শিল্পীদের কাজের মূল্যায়ন অব্যাহত রাখবেন।’
সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবে কতিয়ার অভিনীত ‘7h40 ce jour-là’ ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে। এটি পরিচালনা করেছেন নিকোল গার্সিয়া। ছবিটি সান সেবাস্তিয়ান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন শেল-এর জন্য প্রতিযোগিতা করছে। এই বিভাগে মোট ১৭টি চলচ্চিত্র পুরস্কারের জন্য লড়ছে।
মারিয়ন কতিয়ার ছাড়াও ছবিতে অভিনয় করেছেন থেওদোর পেলেরিন, আর্তুস, লর কালামি, অ্যালেক্সিস মানেন্তি, অ্যান ব্রোশে, এরিক এলমোসনিনো এবং শার্ল বেরল্যাঁ।
হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ