০০৭ হয়ে আসছেন রবার্ট প্যাটিনসন, বললেন ‘আজীবনের সম্মান’

বিনোদন ডেস্ক
১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৮

ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনকে পরবর্তী জেমস বন্ড হিসেবে ঘোষণা করেছে অ্যামাজন এমজিএম স্টুডিওস। সোমবার এ ঘোষণা দেওয়া হয়। এর মধ্য দিয়ে চলচ্চিত্রের অন্যতম আকাঙ্ক্ষিত চরিত্রে দেখা যাবে ‘দ্য ব্যাটম্যান’খ্যাত এই অভিনেতাকে।

জেমস বন্ডের নতুন সিনেমাটি পরিচালনা করবেন অস্কার মনোনয়ন পাওয়া নির্মাতা ডেনিস ভিলনভ। ‘ডিউন’ ট্রিলজি ও ‘অ্যারাইভাল’-এর মতো সিনেমার জন্য পরিচিত এই পরিচালকের নতুন বন্ড সিনেমার চিত্রনাট্য লিখেছেন ব্রিটিশ লেখক স্টিভেন নাইট।

জেমস বন্ডের চরিত্রে অভিনয়ের সুযোগকে ‘আজীবনের সম্মান’ বলে অভিহিত করেছেন প্যাটিনসন। এক বিবৃতিতে তিনি বলেন, ‘জেমস বন্ড সিনেমার অন্যতম কিংবদন্তি চরিত্র। ০০৭-এর দায়িত্ব পাওয়াটা আজীবনের সম্মান।’

তিনি আরও বলেন, আমার ওপর আস্থা রাখার জন্য ডেনিস, অ্যামি, ডেভিড, তানিয়া এবং অ্যামাজন এমজিএম স্টুডিওসের সবার প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। এই চরিত্রে অভিনয় করা স্বপ্ন পূরণের চেয়েও বেশি কিছু। এই অংশীদারত্ব এবং অসাধারণ দলের সঙ্গে সামনে যে কাজ অপেক্ষা করছে, তা নিয়ে আমি দারুণ উচ্ছ্বসিত।

জেমস বন্ড চরিত্রের সম্ভাব্য অভিনেতাদের তালিকায় সম্প্রতি যুক্ত হয়েছিলেন প্যাটিনসন। ওই তালিকায় ‘স্লো হর্সেস’-এর অভিনেতা জ্যাক লোডেন এবং ‘ওয়ান নাইট অনলি’-খ্যাত ক্যালাম টার্নারের নামও ছিল। রবার্টসনের ভাষ্য, ‘তিনি শেষ মুহূর্তে আন্ডারডগ হিসেবে এসে সুযোগটি ছিনিয়ে নিয়েছেন। আর জেমস বন্ড তো এমনই, তাই নয়? অ্যামাজন স্টুডিওস কাজটি খুব বুদ্ধিমত্তার সঙ্গে করেছে। আমার মনে হয়, তিনি জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজিকে নতুনভাবে তুলে ধরবেন।’

প্যাটিনসনকে নিয়ে আশাবাদী পরিচালক ভিলনভও। তিনি বলেন, প্যাটিনসনের মধ্যে ০০৭-এর চিরকালীন সত্তা রয়েছে, পাশাপাশি তিনি নিয়ে আসবেন সম্পূর্ণ নতুন এক উদ্দীপনা। ‘কাজ শুরু করার জন্য আর অপেক্ষা করতে পারছি না’, বলেন তিনি।

প্যাটিনসনকে স্বাগত জানিয়েছে ব্রিটিশ রাজপরিবারের আনুষ্ঠানিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও। সেখানে বলা হয়েছে, ‘মহামান্যের গোপন গোয়েন্দা বিভাগে স্বাগতম, মিস্টার বন্ড’।

ব্রিটিশ গোয়েন্দা চরিত্র জেমস বন্ডের আকর্ষণীয় ব্যক্তিত্ব, নিখুঁত স্যুট এবং ‘শেকেন, নট স্টার্ড’ মার্টিনি পানের অভ্যাস বিশ্বজুড়ে পরিচিত। হলিউডের দীর্ঘতম সময় ধরে চলা এবং সবচেয়ে বেশি আয় করা চলচ্চিত্র ফ্র্যাঞ্চাইজিগুলোর একটি এটি। ১৯৬২ সালে যাত্রা শুরু করে জেমস বন্ড সিরিজ। শন কনারির হাত ধরে ‘ড. নো’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় এজেন্ট ০০৭-এর অভিষেক হয়। এরপর মুক্তি পেয়েছে দুই ডজনেরও বেশি বন্ড সিনেমা। বিশ্বজুড়ে এসব সিনেমার টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ৭০০ কোটি ডলারের বেশি।

২০২১ সালে মুক্তি পাওয়া ‘নো টাইম টু ডাই’ সিনেমার পর জেমস বন্ডের চরিত্র থেকে বিদায় নেন ড্যানিয়েল ক্রেইগ। তার স্থলাভিষিক্ত হচ্ছেন ৪০ বছর বয়সী প্যাটিনসন। ২০২৬ সালে ‘দ্য ওডিসি’, ‘দ্য ড্রামা’ ও ‘প্রাইমটাইম’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। আগামী মাসে মুক্তি পেতে যাওয়া ভিলনভের ‘ডিউন: পার্ট থ্রি’ সিনেমাতেও দেখা যাবে তাকে।

২০০৫ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য গবলেট অব ফায়ার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় প্যাটিনসনের। পরে ‘দ্য টোয়াইলাইট সাগা’, ‘দ্য লস্ট সিটি অব জেড’ ও ‘টেনেট’-এর মতো সিনেমায় অভিনয় করেন তিনি। পরিচিত চরিত্রে অন্য অভিনেতার স্থলাভিষিক্ত হওয়ার অভিজ্ঞতাও রয়েছে তার। ২০২২ সালের ‘দ্য ব্যাটম্যান’ সিনেমায় মুখোশধারী নায়ক ব্যাটম্যানের চরিত্রে অভিনয় করেন তিনি।

সূত্র: রয়টার্স

/এএস/ 
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
০০৭ হয়ে আসছেন রবার্ট প্যাটিনসন, বললেন ‘আজীবনের সম্মান’
০০৭ হয়ে আসছেন রবার্ট প্যাটিনসন, বললেন ‘আজীবনের সম্মান’
জনি ডেপের ‘এবেনেজার’, বাংলাদেশি টাকায় কত আয়
জনি ডেপের ‘এবেনেজার’, বাংলাদেশি টাকায় কত আয়
ইলন মাস্ক, বিল গেটসদের সঙ্গে রাবণের তুলনা, টুইঙ্কলের মজার মন্তব্য
ইলন মাস্ক, বিল গেটসদের সঙ্গে রাবণের তুলনা, টুইঙ্কলের মজার মন্তব্য
পরীমণিকে ‘লেভেলে’ আসতে বললেন অপু বিশ্বাস, দুই নায়িকার কীসের দ্বন্দ্ব
পরীমণিকে ‘লেভেলে’ আসতে বললেন অপু বিশ্বাস, দুই নায়িকার কীসের দ্বন্দ্ব
‘মিস ইউনিভার্স’-এ দিন থেকে রাত কী করছেন মাহি
‘মিস ইউনিভার্স’-এ দিন থেকে রাত কী করছেন মাহি