চাষী নজরুল ইসলাম। আজ (১১ জানুয়ারি) তার প্রস্থানের এক বছর পূর্ণ হলো। গত বছর এই দিনে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে মৃত্যুবরণ করেন গুণী এ নির্মাতা। মৃত্যুর আগে দীর্ঘদিন তিনি লিভার ক্যানসারে ভুগছিলেন।

দেশীয় চলচ্চিত্রের এ কিংবদন্তি ১৯৪১ সালের ২৩শে অক্টোবর মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর গ্রামে জন্মগ্রহণ করেন। চলচ্চিত্রাঙ্গনে চার দশকেরও বেশি সময় ধরে তার দীপ্ত পদচারনা ছিল। পরিচালনা প্রধান ক্ষেত্র হলেও প্রযোজনা ও অভিনয়েও ছিল তার উল্লেখযোগ্য অংশগ্রহণ।
চাষী নজরুল ইসলামের ডাক নাম ছিল তিনু। শেরেবাংলা এ কে ফজলুল হক তার নাম রেখেছিলেন চাষী নজরুল ইসলাম। মূলত তার মামার নামের পদবি থেকে তার নামের শুরুতে ‘চাষী’ পদবি সংযুক্ত করেন শেরেবাংলা একে ফজলুল হক। প্রয়াত পরিচালক ফতেহ লোহানীর সহকারী পরিচালক হিসেবে কাজ করার মধ্যদিয়ে ১৯৬২ সালে চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত হন তিনি। ১৯৬৩ সালে কাজ করেন প্রখ্যাত সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা ওবায়দুল হকের সঙ্গে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বিজয় লাভের পর স্বাধীন দেশে মুক্তিযুদ্ধের ওপর প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। নাম ‘ওরা ১১ জন’।
এরপর তিনি একাই মুক্তিযুদ্ধভিত্তিক ছয়টি চলচ্চিত্র নির্মাণ করেন। তার নির্মিত ছবি হচ্ছে ‘সংগ্রাম’, ‘দেবদাস’, ‘ভালো মানুষ’, ‘চন্দ্রনাথ’, ‘শুভদা’, ‘বেহুলা লক্ষ্মীন্দর’, ‘দাঙ্গা-ফ্যাসাদ’, ‘মিয়া ভাই’, ‘বিরহ ব্যথা’, ‘লেডি স্মাগলার’, ‘বাসনা’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘শাস্তি’, ‘আজকের প্রতিবাদ’, ‘শিল্পী’, ‘সুভা’, ‘দুই পুরুষ’, ‘হাছন রাজা’, ‘মেঘের পরে মেঘ’, ‘ধ্রুবতারা’, ‘রঙিন দেবদাস’ প্রভৃতি। চাষী নজরুল ইসলাম মৃত্যুর আগে সর্বশেষ নির্মাণ করেছিলেন ‘অন্তরঙ্গ’ ও ‘ভুল যদি হয়’ ছবি দুটি। মৃত্যুর পর সেগুলো মুক্তিও পেয়েছে। গত ডিসেম্বর মাসে মুক্তি পেয়েছে ‘অন্তরঙ্গ’ ছবিটি। আর ‘ভুল যদি হয়’ মুক্তি পায়িএ বছরের ৮ই জানুয়ারি।
কালজয়ী এ নির্মাতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে চাষী নজরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি থাকবেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন ফাউন্ডেশনের আহ্বায়ক জ্যোৎস্না কাজী। ওই অনুষ্ঠানে চাষী নজরুল ইসলামের জীবনী নিয়ে লেখা একটি বইয়েরও মোড়ক উন্মোচন করা হবে। এছাড়া ১৩ জানুয়ারি এফডিসিতে জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে আয়োজন করা হবে মিলাদ মাহফিল ও চাষী নজরুল ইসলামের জীবনী নিয়ে আলোচনা অনুষ্ঠান। এতে অংশ নেবেন চলচ্চিত্রাঙ্গনের বিশিষ্টজনেরা।
/এস/এমএম/




