সংগীতশিল্পী অনুভ জৈনকে বলা হয় জেন-জিদের অন্যতম পছন্দের গায়ক। বিশেষকরে অনুভের মেয়ে ভক্তের সংখ্যা অসংখ্য। কিন্তু এবার কোটি কোটি মেয়েদের মন ভেঙে ‘তুম মেরি হো’ খ্যাত গায়ক বিয়ে করে ফেললেন। পাত্রী তার ছোটবেলার প্রেমিকা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) অনুভ বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সূত্র অনুযায়ী, তারা বিয়ে করেছেন ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালোবাসা দিবসে। অনুভের স্ত্রীর নাম হৃদি নারাং। মার্কেটিংয়ে ব্যাচেলর ডিগ্রি রয়েছে তার। মাস্টার্স করেছেন ওই একই বিষয় নিয়ে। সিডনি থেকে কোর্স করেছেন হৃদি।
২০১৬ সালে শিক্ষিকা হিসেবে প্রথম কাজ শুরু করেন তিনি। এরপর বেশ কিছু আন্তর্জাতিক সংস্থায় কখনও অ্যাকাউন্ট এক্সিকিউটিভ, আবার কখনও বা ব্র্যাণ্ড ম্যানেজর হিসেবে কাজ করেছেন তিনি। এই মুহূর্তে তিনি রয়েছেন ভারতের নয়া দিল্লির কালেক্টিভ আর্টিস্ট নেটওয়ার্কের ক্যাম্পেন ম্যানেজার পদে। ২০২১ সালেই প্রেমিকার কথা প্রকাশ্যে আনেন অনুভ। তবে সম্পর্ক নিয়ে মাতামাতি করতে দেখা যায়নি তাকে। অবশেষে বিয়ে করলেন অনুভ-হৃদি। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন বিশেষ দিনের বিশেষ মুহূর্ত।
বিয়ের ছবিতে ভারতের ঐতিহ্যবাহী পোশাকে দেখা গেছে বর ও কনেকে। গোলাপি রঙের শেরওয়ানি পরেছেন অনুভ, লাল রঙের লেহেঙ্গা পরেছেন স্ত্রী। লেহেঙ্গার সঙ্গে কনে হৃদি নারাংকে নেকলেস, নথ, টিকলিতে জমকালো সাজে দেখা গেছে।
উল্লেখ্য, ‘তুম মেরি হো’, ‘আলাগ আসমান’, ‘মাজাক’, ‘মিসরি’, ‘রিহা’, ‘মাওলা’, ‘ওশান’–এর মতো গান গেয়ে ভারতের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের শ্রোতাদের কাছেও সমান জনপ্রিয় অনুভ জৈন।
সূত্র: এনডি টিভি





