জন্মবার্ষিকীতে এলো জুবিনের অপ্রকাশিত গান ‘অবুঝ পাখি’

বিনোদন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২৫, ০৯:০০আপডেট : ১৯ নভেম্বর ২০২৫, ২১:০৯

ভারতীয় সংগীতশিল্পী জুবিন গর্গ চলে গেছেন চিরশান্তির দেশে। পৃথিবীর মায়ায় তাঁর না থাকার অপূর্ণতাকে শ্রদ্ধা ও সম্মানে পূর্ণ করছেন ভক্ত ও সংগীতানুরাগীরা। জীবদ্দশায় অসমিয়া, বাংলা ও হিন্দি ভাষায় অসংখ্য গান গেয়েছেন তিনি। এর মধ্যে অপ্রকাশিত রয়ে গেছে কয়েকটি। সেগুলোর মধ্য থেকে একটি গান প্রকাশ্যে এলো।  

মঙ্গলবার (১৮ নভেম্বর) জুবিন গর্গের ৫৪তম জন্মবার্ষিকীতে তাঁর প্রতি বিশেষভাবে শ্রদ্ধা জানাতে অবমুক্ত হলো নতুন গান ‘অবুঝ পাখি’। গীতিকবি ও প্রযোজক জুলফিকার রাসেলের ইউটিউব চ্যানেল ‘জুটি’তে এসেছে এটি। জুলফিকার রাসেলের লেখা এই গানের সুর ও সংগীতায়োজন করেছেন টুনাই দেবাশীষ গাঙ্গুলী।

গীতিকবি ও প্রযোজক জুলফিকার রাসেল জানান, তার লেখা ৭টি বাংলা গানে ২০১৫-২০১৬ সালে কণ্ঠ দেন জুবিন গর্গ। আসামে তাঁর ব্যক্তিগত স্টুডিওতে এগুলোর রেকর্ডিং হয়। পরে জুবিনের পরামর্শে এসব গানের হিন্দি সংস্করণ করা হয়। বিভিন্ন সময় কলকাতায় এসে সেগুলোতে কণ্ঠ দিয়েছেন তিনি। বাংলা-হিন্দি মিলিয়ে সেই হিসেবে ১৪টি ট্র্যাক রয়েছে। জুবিনের এই গানগুলো নিঃসন্দেহে মহামূল্যবান সম্পদ। ‘অবুঝ পাখি’ সেগুলোরই একটি। এর হিন্দি সংস্করণ শিগগিরই প্রকাশ হবে বলে জানা গেছে।

জুবিন গর্গ যেহেতু বেঁচে নেই, তাই তাঁর অপ্রকাশিত গানগুলো কীভাবে বের হবে সেই বিষয়ে গীতিকবি-প্রযোজক জুলফিকার রাসেল ও টুনাই দেবাশীষ গাঙ্গুলীর মধ্যে এক ধরনের চিন্তা ছিল। তারা এর দায়িত্ব পুরোপুরি জুবিন গর্গের স্ত্রী গরিমা গর্গের ওপর ছেড়ে দিয়েছেন। এ নিয়ে আলোচনার জন্য টুনাই দেবাশীষ গাঙ্গুলী গত ১৫ নভেম্বর আসামে গিয়ে গরিমা গর্গের সঙ্গে সাক্ষাৎ করেন। তবে গরিমা কিছু দিন ধরে অসুস্থ থাকায় খুব বেশি আলোচনার সুযোগ হয়নি। তিনি আপাতত জুবিনের জন্মদিন উপলক্ষে একটি গান দ্রুত প্রকাশের পরামর্শ দেন। তাই দ্রুততম সময়ে লিরিক্যাল মিউজিক ভিডিও আকারে অবমুক্ত হলো ‘অবুঝ পাখি’। 

টুনাই দেবাশীষ গাঙ্গুলী বলেন, ‘ক্ষুদ্র এই জীবনে অনেক শিল্পীর সঙ্গে কাজ করেছি। অনেক শিল্পীর গান প্রকাশিত হয়েছে, যেখানে মূল শিল্পী সশরীরে উপস্থিত ছিলেন না। ডিজিটাল এই যুগে এর প্রয়োজনীয়তাও কমে গেছে। জুবিন গর্গের এই গান যখন প্রকাশিত হলো, তিনি তখন আছেন প্রয়োজনের সব বেড়াজাল উপেক্ষা করে। তিনি থাকবেন কোটি কোটি মানুষের হৃদয়ে। তাঁর জন্মবার্ষিকীতে নিবেদিত এই গান আমি ও আমার বন্ধু জুলফিকার রাসেলের পক্ষ থেকে শুধু আসামের জন্য নয়, সারা বিশ্বের জুবিন-ভক্তদের জন্য।’

‘অবুঝ পাখি’ প্রকাশ্যে আনতে পেরে আবেগাপ্লুত জুলফিকার রাসেল বলেন, ‘গতকাল ১৮ নভেম্বর ছিল জুবিন গর্গের জন্মবার্ষিকী। আমার সৌভাগ্য হয়েছিল মহান এই শিল্পীর কণ্ঠে বেশ কিছু গান করার। গানের ভিডিও শুট করার কথা ছিল মেঘালয়ে। এ নিয়ে আলোচনা হচ্ছিল। কিন্তু তাঁর আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন পরপারে। তাঁর জন্মবার্ষিকীতে আমাদের প্রথম নিবেদন প্রকাশিত হলো।’

জুবিন গর্গ (জন্ম: ১৮ নভেম্বর, ১৯৭২; মৃত্যু: ১৯ সেপ্টেম্বর, ২০২৫)

জুলফিকার রাসেল ও টুনাই দেবাশীষ গাঙ্গুলীর চাওয়া, তাদের করা সব গান ধীরে ধীরে প্রকাশ করে এসব থেকে প্রাপ্ত অর্থ জুবিন গর্গের নামে থাকা ট্রাস্টে জমা দিয়ে জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়া।

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে ‘নর্থইস্ট ফেস্টিভ্যাল’-এ গাইতে গিয়েছিলেন জুবিন গর্গ। সেদিন দুপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে শ্বাসকষ্টজনিত সমস্যার পর অকালপ্রয়াণ হয় তাঁর। মাত্র ৫২ বছর বয়সে স্তব্ধ হয়েছে গায়কের কণ্ঠ। তাঁর মৃত্যু নিয়ে রয়েছে একাধিক রহস্য। এ নিয়ে তদন্ত চলছে। ইতোমধ্যে গ্রেফতার হয়েছে কয়েকজন। তবে ঠিক কী ঘটেছিল, সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় গায়কের অনুরাগীরা।

/জেএইচ/এমওএফ/
সম্পর্কিত
আ.লীগের প্লাটিনাম জয়ন্তীর থিম সং শেয়ার দিয়ে সবাইকে শুভেচ্ছা জানালেন জয়
আ.লীগের প্লাটিনাম জয়ন্তীর থিম সং শেয়ার দিয়ে সবাইকে শুভেচ্ছা জানালেন জয়
ঢাকার গীতিকবিতায় ফের বলিউডের অন্বেষা
ঢাকার গীতিকবিতায় ফের বলিউডের অন্বেষা
‘পদ্মশ্রী’ প্রাপ্তিতে সংগীত ঐক্যর পক্ষ থেকে রেজওয়ানা চৌধুরী বন্যাকে ফুলেল শুভেচ্ছা
‘পদ্মশ্রী’ প্রাপ্তিতে সংগীত ঐক্যর পক্ষ থেকে রেজওয়ানা চৌধুরী বন্যাকে ফুলেল শুভেচ্ছা
নির্বাচনী প্রচারণায় নতুন চমক পুঁথি গান! (ভিডিও)
নির্বাচনী প্রচারণায় নতুন চমক পুঁথি গান! (ভিডিও)
বিনোদন বিভাগের সর্বশেষ
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন