৫০ বছরে ফিডব্যাক, বছরজুড়ে কনসার্ট

বিনোদন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২৬, ১৮:৫৪ আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১৮:৫৪

বাংলা ব্যান্ড মিউজিকের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ‘ফিডব্যাক’ পা রাখলো প্রতিষ্ঠার ৫০তম বছরে। ১৯৭৭ সালের অক্টোবরের যাত্রা শুরু করা ব্যান্ডটি দীর্ঘ পথচলায় বাংলা গান ও ব্যান্ড সংস্কৃতিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। ১৯৭৭ সালে কি-বোর্ডিস্ট ফুয়াদ নাসের বাবুসহ পাঁচজন মিউজিশিয়ানকে নিয়ে ব্যান্ডটির যাত্রা শুরু হয়।

‘ফিডব্যাক’ ব্যান্ড ৫০ বছর উপলক্ষে বছরব্যাপী কনসার্টের আয়োজন করছে। শনিবার একটি প্রেস কনফারেন্সে এটি জানান প্রতিষ্ঠাতা সদস্য ফুয়াদ নাসের বাবু।

তিনি বলেন, ‘একটি ব্যান্ডের পাঁচ দশক ধরে শ্রোতাদের হৃদয়ে টিকে থাকা সত্যিই এক আনন্দের ব্যাপার। এই পথচলা কেবল আমাদের একার নয়; এই যাত্রায় জড়িত ছিলেন অসংখ্য সদস্য, গীতিকার, সুরকার এবং সর্বোপরি আমাদের কোটি অনুরাগী ও শ্রোতা। তাদের অকৃত্রিম ভালোবাসা না থাকলে আমরা আজকের ‘ফিডব্যাক’ হতে পারতাম না।’

তিনি আরও বলেন, ‘৫০ বছরের এই মাইলফলককে ঘিরে আমরা বছরব্যাপী বিভিন্ন আয়োজন করবো। আমাদের জনপ্রিয় গানগুলো নতুন আঙ্গিকে তৈরি করে শ্রোতাদের সামনে তুলে ধরবো। পাশাপাশি সারা বাংলাদেশে কনসার্টের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যাবো। যাদের ভালোবাসায় আমাদের এত দূর আসা, তাদের সঙ্গে নিয়েই এই আনন্দ ভাগ করে নিতে চাই।’

‘ফিডব্যাক’ ব্যান্ডের জনপ্রিয় গান

দীর্ঘ এই পথচলায় ফিডব্যাক তৈরি করেছে অসংখ্য কালজয়ী গান। ‘মেলায় যাইরে’, ‘এইদিন চিরদিন রবে’, ‘এক বাঁক প্রজাপতি’, ‘বাউন্ডুলে’, ‘উদাসী’, ‘মৌসুমী’, ‘তিষ্ঠি’, ‘সুখী মানুষের ভিড়ে’, ‘গীতিকবিতা’ সহ অসংখ্য গান স্থান করে নিয়েছে বাঙালির আবেগ ও সংস্কৃতির গভীরে।

বিশেষ করে বৈশাখী উদযাপনের অলিখিত জাতীয় সংগীত হয়ে ওঠা ‘মেলায় যাইরে’ আজও কোটি বাঙালির মুখে প্রতিধ্বনিত হয়।

ব্যান্ডের নাম পরিবর্তন

শুরুতে এটির নাম ছিল ‘ফিডব্যাক টোয়েন্টিয়েথ সেঞ্চুরী’। শুরুর দিনগুলোতে জনপ্রিয় বিদেশি গান কাভার করতো ব্যান্ডটি। আস্তে আস্তে বাড়তে থাকে পরিচিতি। তৎকালীন ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে আসে নিয়মিত গাওয়ার আমন্ত্রণ। সপ্তাহে তিন দিন সেখানে গান গাইতো ফিডব্যাক। ১৯৮৭ সাল পর্যন্ত চলে এই ধারাবাহিকতা। এর মধ্যে কয়েকজন সদস্য বিদেশে চলে গেলে দলে যুক্ত হন পিয়ারু খান ও মাকসুদুল হক। ১৯৭৯–৮০ সালের দিকে নাম থেকে টোয়েন্টিয়েথ সেঞ্চুরি বাদ পড়ে। এরপর শুধু ‘ফিডব্যাক’ নামেই পরিচিতি পায় ব্যান্ডটি।

আশির দশকের মাঝামাঝি থেকে ফোক, পপ ও আধুনিক রকের মিশেলে নিজস্ব এক ধারা সূচনা করে ফিডব্যাক। পরবর্তী সময়ে ব্যান্ডটি বাংলাদেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এক বৈপ্লবিক পরিবর্তন আনে। কেবল দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলা ব্যান্ড মিউজিকের সম্মানজনক অবস্থান তৈরিতে ফিডব্যাকের অবদান অনস্বীকার্য।

বর্তমান সদস্য যারা

বর্তমানে ফিডব্যাকের সদস্য লাবু রহমান (গিটার ও ভোকাল), এনাম এলাহি টন্টি (ড্রামস ও পারকাশন), রায়হান হাসান (ভোকাল ও অ্যাকুস্টিক গিটার), ফোয়াদ নাসের বাবু (কি–বোর্ড), মোহাম্মদ দানেশ (বেজ গিটার) ও রবিউল আলম রিয়েল (ভোকাল)।

/এনআই/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
তাদের টার্গেট ছিল, সফল হয়নি: আসিফ আকবর
তাদের টার্গেট ছিল, সফল হয়নি: আসিফ আকবর
৫০ বছরে ফিডব্যাক, বছরজুড়ে কনসার্ট
৫০ বছরে ফিডব্যাক, বছরজুড়ে কনসার্ট
‘থ্রি ইডিয়টসের’ সিক্যুয়েল নিয়ে সুখবর দিলেন আমির খান
‘থ্রি ইডিয়টসের’ সিক্যুয়েল নিয়ে সুখবর দিলেন আমির খান
‘আহা জীবন’-এ কী গল্প বলবেন সুনেরাহ-ইরফান
‘আহা জীবন’-এ কী গল্প বলবেন সুনেরাহ-ইরফান
প্রসেনজিৎ কেন কুসুম সিকদারকে ‘পুটলি’ নামে ডাকতেন
প্রসেনজিৎ কেন কুসুম সিকদারকে ‘পুটলি’ নামে ডাকতেন