সামাজিক যোগামযোগমাধ্যমে অভিনেত্রী কৌশানী মুখার্জির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে তাকে দেখা যায় সম্পূর্ণ ডি-গ্ল্যাম লুকে। মুখে শ্যামলা মেকআপ, চুলে শক্ত খোঁপা এবং শাড়িতে অভিনেত্রী যেন একেবারে পেশাদার মাছ বিক্রেতা।
ভিডিওতে দেখা যায়, হাতে মাছ নিয়ে ক্রেতাদের ডাকছেন কৌশানী।
‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’সিনেমার প্রচারে অভিনেত্রীর এমনই এক মজার ভিডিও সামনে এসেছে। মাছ বিক্রি থেকে শুরু করে বটি দিয়ে মাছ কাটার চেষ্টা- সবেতেই নিজের স্বভাবসিদ্ধ রসিকতায় মাতলেন কৌশানী।
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় ‘বহুরূপী দ্য গোল্ডেন ডাকু’ মুক্তি পাবে ১৫ অক্টোবর। ‘বহুরূপী’-র প্রায় দুই বছর পর ফের ঝিমলি চরিত্রে দেখা যাবে কৌশানীকে। ছবির মুক্তির আগে প্রচারের অংশ হিসেবে প্রকাশিত হয়েছে এই ভিডিও।
তবে শুধু সাজপোশাকেই নয়, অভিনয়েও নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন তিনি। হাতে মাছ নিয়ে ক্রেতাদের ডাকছেন, আবার কখনও বটি নিয়ে মাছ কাটতে গিয়ে তিনি গ্যাঁড়াকলে। সেই পরিস্থিতিতেই তার মুখে শোনা যায়, ‘ম্যায় লুট গয়ি, ম্যায় বরবাদ হো গয়ি। দুটো টাকার জন্য কত কী করতে হয়! জীবনে ভাবিনি মাছওয়ালি হতে হবে।’
এরপর আরও জমে ওঠে প্রচারের পর্ব। বাজারের চেনা বিক্রেতাদের মতো গলা চড়িয়ে কৌশানীর হাঁক, ‘দুশো দুশো, সিলভার দুশো, বড় মাছ, টাটকা মাছ! বাড়িতে সবাই খুশি হবে, নিয়ে যান, নিয়ে যান।’ শুটিংয়ের প্রয়োজনে আবার মজার ছলে ক্রেতাদের অনুরোধ করতেও শোনা যায় তাকে, ‘এরকম এরকম করছি, তার মধ্যে কিনে নিন, পায়ে পড়ছি!’
ভিডিওতে শুটিংয়ের বাইরের কৌশানীকেও দেখা গিয়েছে। মাছের গন্ধ নিয়ে সহকর্মীদের সঙ্গে হাসিঠাট্টা করেছেন তিনি।
একজনের হাতে মাছের গন্ধ শুঁকিয়ে মজা করে বলেছেন, ‘আজ আর স্নান করারও দরকার নেই!’ ‘বহুরূপী’-তে ঝিমলি চরিত্রে নজর কাড়ার পর এবার সেই চরিত্রের নতুন পর্বে কৌশানী কী চমক দেন, সেদিকেই নজর দর্শকের।
পূর্ণিমাকে দেওয়া কোন কথা রেখেছিলেন মান্না