আফ্রিকার জঙ্গলে গিয়ে সিংহের সঙ্গে খুনসুটিতে মেতে উঠলেন টালিউড অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায়। শুধু তাই নয়, কাচের ওপারে থাকা সিংহের কপালে কপাল ঠেকিয়ে আদর, হাত মেলানো, এমনকি চুমুও ছুড়ে দিলেন তিনি।
অভিনেত্রীর এমন শিশুসুলভ কাণ্ড ক্যামেরাবন্দি করেছেন প্রেমিক বনি সেনগুপ্ত। সেই ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই আলোচনায় কৌশানী।
বর্তামনে ছুটির আমেজে রয়েছেন অভিনেত্রী। সঙ্গী বনি সেনগুপ্তকে নিয়ে ঘুরতে গেছেন আফ্রিকায়। সেখান থেকেই ছুটি কাটানোর নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন এই তারকা জুটি।
আফ্রিকায় গিয়ে বন্যপ্রাণীদের সঙ্গে সময় কাটানোর সুযোগ হাতছাড়া করেননি কৌশানী। কাচের ওপারে থাকা সিংহের সঙ্গে বেশ কিছুক্ষণ খুনসুটিতে মেতে থাকতে দেখা যায় তাকে। কখনো সিংহের কপালে কপাল ঠেকাচ্ছেন, কখনো হাত দিয়ে কাচে শব্দ করছেন। একপর্যায়ে সিংহের দিকে চুমুও ছুড়ে দেন অভিনেত্রী। এমনকি কাচের ওপার থেকে সিংহটিও তার সঙ্গে হাত মেলানোর ভঙ্গি করে।
এই বিশেষ মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে কৌশানী লিখেছেন, ‘এভাবেই আপনিও আফ্রিকায় এসে প্লেটাইম উপভোগ করতে পারেন। এটা শুধু একটা অভিজ্ঞতাই নয়, জড়িয়ে রয়েছে অনেক আবেগ-অনুভূতিও।’
কৌশানী যে পশুপ্রেমী, তা তার ভক্তদের অজানা নয়। পোষ্যদের পাশাপাশি বন্যপ্রাণীদের প্রতিও তার ভালোবাসার প্রমাণ মিললো আফ্রিকার এই ভিডিওতে।