ছোটবেলায় গায়িকা নয়, শক্তিশালী অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন জনপ্রিয় সংগীতশিল্পী সামিনা চৌধুরী। এদিকে এ বছরই ক্যারিয়ারের ৫০ বছর পূর্ণ করছেন এই শিল্পী। এমন নানা অজানা গল্প নিয়ে পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’এর অতিথি হয়েছেন তিনি।
মাছরাঙা টেলিভিশনে শনিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯টায় এই পর্বটি দেখা যাবে। পডকাস্টটির গ্রন্থনা ও সঞ্চালনায় রয়েছেন রুম্মান রশীদ খান।
তিনি জানান, আড্ডায় নিজের দীর্ঘ সংগীতজীবনের নানা অজানা গল্প তুলে ধরেছেন সামিনা চৌধুরী। সাফল্যের এই গল্পের আড়ালে রয়েছে তার নানা আবেগঘন স্মৃতি।’
রুম্মান রশীদ বলেন, ‘সামিনা চৌধুরী জানান, একসময় মানুষের সামনে গান গাওয়ার চাপ ও উত্তেজনায় মঞ্চেই অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন তিনি। তারকা হয়ে ওঠার পেছনে থাকা সেই টেনশন, ভয় ও সংগ্রামের কথাও উঠে এসেছে এই বিশেষ আড্ডায়।’
উল্লেখ্য, পডকাস্ট শো ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ এবার পূর্ণ করতে যাচ্ছে অর্ধশতক পর্ব। গত বছরের ২ আগস্ট মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ যাত্রা শুরু করা এই আয়োজনের ৫০তম পর্বের অতিথি সামিনা চৌধুরী।

সাবিনা ইয়াসমীনকে নিয়ে যা বললেন রুনা লায়লা






