শতকোটি টাকার সিনেমা বানানো অনন্ত জলিল এখন ঋণগ্রস্ত

বিনোদন রিপোর্ট 
১১ নভেম্বর ২০২৬, ১৩:২০ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৩:২০

ঢাকায় সিনেমাতে অনন্ত জলিলের অভিষেক ছিল দারুণ চমক। বলা চলে, তার সিনেমা দিয়ে ঢালিউডে ডিজিটাল যাত্রা শুরু হয়েছিল। ২০১০ সালে ‘খোঁজ দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে দারুণ সাড়া ফেলেন তিনি। এই ছবিতে একই সঙ্গে নায়ক এবং প্রযোজকের ভূমিকায় দেখা যায় তাকে।

এরপর একে ‘হৃদয় ভাঙ্গা ঢেউ’, ‘দ্য স্পিড’ ও ‘মোস্ট ওয়েলকাম’সহ অনেকগুলো বিগ বাজেটের সিনেমা উপহার দেন অনন্ত জলিল।

‘দিন দ্য ডে’  ছবির পোস্টার

১০০ কোটি বাজেটের সিনেমা

তার নির্মিত প্রতিটি ছবির বাজেট অন্য নির্মাতা ও প্রযোজকদের চেয়ে বেশি ছিল। বড় বাজেট, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের নির্মাণশৈলী নিয়ে সিনেমা তৈরির কারণে তিনি ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

তারই ধারাবাহিকতায় ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দিন দ্য ডে’ ছবির বাজেট দিয়ে তুমুল আলোচানা সৃষ্টি করেন অভিনেতা। সে সময় তিনি দাবি করেন এই ছবির বাজেট ১০০ কোটি টাকা। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় এ সিনেমার দৃশ্যধারণ হয়েছিল তুরস্ক, আফগানিস্তান ও ইরানে।

নতুন আলোচনায়

চলচ্চিত্রের পাশাপাশি ব্যবসায়ী হিসেবেও পরিচিত অনন্ত জলিল। দীর্ঘদিন ধরে তিনি ব্যবসা ও চলচ্চিত্র—দুই ক্ষেত্রেই সক্রিয় রয়েছেন। তবে যে অনন্ত একসময় শতকোটি টাকা ব্যয়ে সিনেমা নির্মাণ করেছিলেন সময়ের ব্যবধানে তার আর্থিক অবস্থা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

এই অভিনেতা এখন ঋণের চাপে রয়েছেন—এমন খবর ঘিরে চলচ্চিত্রপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। ব্যবসায়িকভাবে বড় ধরনের সংকটে পড়েছেন তিনি।

২২৬ কোটি ঋণ অভিনেতার

 শত শত কোটি টাকার ব্যাংকঋণ পরিশোধ করতে না পারায় একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে তার মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠান।

এরই মধ্যে ২২৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার টাকা পাওনা আদায়ে অনন্ত জলিল ও তার প্রথম স্ত্রী খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)।

নোটিশে বলা হয়েছে, আগামী ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধ না করলে অনন্ত জলিল ও খাদিজা পারভীনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে ১৮৮১ সালের হস্তান্তরযোগ্য দলিল আইনের ১৩৮ ও ১৪০ ধারার উল্লেখ করা হয়েছে।

অনন্ত জলিল

অনন্ত জলিল যা জানান

ব্যাংকের আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অনন্ত জলিল গণমাধ্যমকে জানান, করোনাকালে প্রায় ২০০ কোটি টাকা ঋণ নিয়ে ব্যবসায়িক কাজ না থাকলেও শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেছেন। সেই ঋণের সুদসহ বর্তমানে বিপুল অঙ্কের দেনা তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়াতে ব্যাংকের সহযোগিতা প্রয়োজন বলে মনে করেন তিনি।

অন্যদিকে, গ্যাস বিল বকেয়া এবং গ্যাস চুরির অভিযোগে অনন্ত জলিলের মালিকানাধীন এজেআই গ্রুপের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে তিতাস গ্যাস। ফলে শিল্পপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পরিচালনা আরও কঠিন হয়ে পড়েছে।

ঘনিষ্ঠ সূত্রের দাবি

অনন্ত জলিলের ঘনিষ্ঠ সূত্রের দাবি, ব্যবসা টিকিয়ে রাখতে দেশি-বিদেশি বিনিয়োগকারী ও অংশীদার খুঁজেছেন তিনি। এ নিয়ে কয়েকজন চীনা উদ্যোক্তার সঙ্গেও আলোচনা করেন। তবে কোনও পক্ষ থেকেই আশানুরূপ সাড়া পাননি। এমনকি কারখানাগুলো ভাড়া দেওয়ার উদ্যোগ নিয়েও সফল হতে পারেননি।

ব্যবসায়িক সাম্রাজ্যে কেন এমন সংকট তৈরি হয়েছে? এমন প্রশ্নের সরাসরি উত্তর দেননি অনন্ত জলিল। তার ভাষ্য, করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ নানা প্রতিকূল পরিস্থিতির কারণে ব্যবসায়িকভাবে এই সংকটে পড়েছেন তিনি।

অনন্ত জলিল

অনন্ত জলিলের বড় চ্যালেঞ্জ

একদিকে ব্যাংকের বিপুল অঙ্কের ঋণ, অন্যদিকে শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রম সচল রাখার চাপ—সব মিলিয়ে কঠিন সময় পার করছেন অনন্ত জলিল। বড় বাজেটের আয়োজন দিয়ে দর্শকদের চমকে দেওয়া এই অভিনেতা এবার বাস্তব জীবনের আর্থিক চ্যালেঞ্জ কতটা দক্ষতার সঙ্গে সামাল দিতে পারেন, সেটিই দেখার বিষয়। তার ব্যবসায়িক সাম্রাজ্য ঘুরে দাঁড়াবে, নাকি সংকট আরও গভীর হবে—এখন সেই প্রশ্নই সামনে আসছে।

/এনআই/
সম্পর্কিত
২২৬ কোটি টাকা ঋণগ্রস্ত, আইনি নোটিশ অনন্ত জলিল ও তার স্ত্রীকে
২২৬ কোটি টাকা ঋণগ্রস্ত, আইনি নোটিশ অনন্ত জলিল ও তার স্ত্রীকে
সিনেমা থেকে ‘বিরতি’ নিলেন অনন্ত-বর্ষা!
সিনেমা থেকে ‘বিরতি’ নিলেন অনন্ত-বর্ষা!
অনন্ত-বর্ষার বিরুদ্ধে মামলা
অনন্ত-বর্ষার বিরুদ্ধে মামলা
প্রতারণার মামলায় খালাস পেলেন চিত্রনায়ক অনন্ত জলিল
প্রতারণার মামলায় খালাস পেলেন চিত্রনায়ক অনন্ত জলিল
বিনোদন বিভাগের সর্বশেষ
ছয় দিনেই ৮০০ কোটি ছাড়ালো রণবীর কাপুরের ‘রামায়ণ’, বক্স অফিসে নতুন রেকর্ড
ছয় দিনেই ৮০০ কোটি ছাড়ালো রণবীর কাপুরের ‘রামায়ণ’, বক্স অফিসে নতুন রেকর্ড
প্রকাশ্যে ‘মাতৃভূমি’র ঝলক, সালমানের পরিণতি ঘিরে রহস্য!
প্রকাশ্যে ‘মাতৃভূমি’র ঝলক, সালমানের পরিণতি ঘিরে রহস্য!
সিদ্ধার্থ-কিয়ারার দাম্পত্যে কেমন চলছে রোমান্স, ফাঁস বেডরুমের গোপন খবর
সিদ্ধার্থ-কিয়ারার দাম্পত্যে কেমন চলছে রোমান্স, ফাঁস বেডরুমের গোপন খবর
‘ধুরন্ধর’-এর পর বদলে গেছে জীবন: ক্রিস্টল ডি’সুজা
‘ধুরন্ধর’-এর পর বদলে গেছে জীবন: ক্রিস্টল ডি’সুজা
ক্যারিয়ার নিয়ে যা জানালেন ‘পরাণ’ সিনেমার নায়িকা
ক্যারিয়ার নিয়ে যা জানালেন ‘পরাণ’ সিনেমার নায়িকা