তুষারধসের কবলে পড়ে মারা যাওয়ার ১৬ বছর পর হিমালয়ের একটি হিমবাহ থেকে উদ্ধার করা হলো দুজন মার্কিন পর্বতারোহীর মরদেহ। বরফে জমাট অবস্থায় গত সপ্তাহে অন্য দুই পর্বতারোহী এ দুই মরদেহের সন্ধান পান বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিশ্বখ্যাত পর্বতারোহী অ্যালেক্স লোয়ে তার ক্যামেরাম্যান ডেভিড ব্রিজেসকে নিয়ে ১৯৯৯ সালের অক্টোবরে ২৬,২৯০ ফুট উঁচু তিব্বতের শিশাপাংমা পর্বতারোহণের সময় তুষারচাপা পড়েন। ৪০ বছর বয়স্ক লোয়ে-কে তার প্রজন্মের শ্রেষ্ঠ একজন পর্বতারোহী হিসেবে বিবেচনা করা হয় এবং বেশ কয়েকজন পর্বতারোহীর জীবন বাঁচানোর কারণে পর্বতারোহীদের মাঝেও তিনি বেশ সুপরিচিত।অ্যালেক্স লো তার জীবদ্দশায় বেশ কয়েকজন পর্বতারোহীকে উদ্ধার করেছেন।
লোয়ে এবং ব্রিজেস ছিলেন খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা দুজনেই বিশ্বের ১৪তম উঁচু পর্বত শিশামাংপাতে আরোহণের একটি নতুন পথ খোঁজার চেষ্টা করছিলেন। গত সপ্তাহে লোয়ে-এর স্ত্রী জেনিফার লোয়ে-অ্যাংকারের কাছে দুজন পর্বতারোহী একটি টেলিফোন করে জানান, তারা দুটি মরদেহ পেয়েছেন যেগুলো ‘নীল বরফের ভেতর জমাট বেঁধে রয়েছে। তবে ধীরে ধীরে হিমবাহ থেকে বেরিয়ে আসছে’।
এরপর শুক্রবার জেনিফার মরদেহ দুটির সন্ধান পাবার ঘোষণা দেন। শিগগিরই মরদেহগুলো উদ্ধারের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। সূত্র: বিবিসি
/এফইউ/








