মিশরে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় আট পুলিশ নিহত হয়েছেন। রাজধানী কায়রোর দক্ষিণপ্রান্তের হেলবানে পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে তাদের হত্যা করা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বন্দুকধারীরা মুখোশ পরেছিল। তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী।
রবিবার মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের দাপ্তরিক ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে। এতে বলা হয়েছে, চার বন্দুকধারী ছোট একটি পিকআপ থেকে নেমে পুলিশের গাড়িটি থামায়। এরপর বেসামরিক পোশাকে থাকা পুলিশদের লক্ষ্য করে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে পালিয়ে যায়।
আরও পড়ুন: অর্থনীতির সমীকরণকে সন্ত্রাসী চিহ্ন ভাবলেন বিমানযাত্রী, বিড়ম্বনায় অধ্যাপক
উল্লেখ্য, মিশরের ইতিহাসের একমাত্র নির্বাচিত প্রেসিডেন্ট মুসলিম ব্রাদারহুড নেতা মুহম্মদ মুরসিকে তখনকার সেনা প্রধান আব্দেল ফাত্তা আল সিসি ক্ষমতাচ্যুত করার পর ২০১৩ সালের মাঝামাঝি থেকে দেশটিতে বিদ্রোহী তৎপরতা শুরু হয়। সিনাই-ভিত্তিক এই বিদ্রোহী তৎপরতায় এ পর্যন্ত কয়েকশত সেনা ও পুলিশ নিহত হয়েছেন।
সিনাইয়ে সবচেয়ে প্রাণঘাতী হামলাগুলো চালানো হলেও কায়রো ও অন্যান্য শহরেও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়ে থাকে বিদ্রোহীরা। তারা প্রায়ই নিরাপত্তা বাহিনীর চলাচলের পথে বোমা পেতে রাখে। সূত্র: গার্ডিয়ান
/বিএ/








