প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ গুয়ামে একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। গুয়ামের এক মার্কিন ঘাঁটিতে বোমারু বিমানটি বিধ্বস্ত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি নিশ্চিত করেছে। প্রাথমিকভাবে একে দুর্ঘটনা বলেই মনে করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীকে উদ্ধৃত করে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় অ্যান্ডারসেন বিমান ঘাঁটি থেকে প্রশিক্ষণের উদ্দেশে উড়ে যাওয়ার পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। বিমানের সাতজন ক্রু’র সবাই নিরাপদে বিমানটি ত্যাগ করতে সক্ষম হন বলে জানিয়েছে তারা।
স্থানীয় কুয়াম নিউজ সাইটে প্রকাশিত গুয়াম গর্ভনর দপ্তরের বিবৃতিতে বলা হয়, ‘আমরা মানুষদের আশ্বস্ত করছি, ঘটনাটিকে হামলা বলে মনে হচ্ছে না।’
হাওয়াই থেকে ছয় হাজার কিলোমিটার পশ্চিমে মাইক্রোনেশিয়ার একটি ছোট দ্বীপ গুয়াম। এই দ্বীপের যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিটিকে কৌশলগতভাবে এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে বিবেচনা করা হয়। সে কারণে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ক্রমবর্ধমান উপস্থিতির ধারাবাহিকতায় বোমারু বিমানটি নর্থ ডাকোটা থেকে এনে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত দ্বীপ গুয়ামে মোতায়েন করা হয়েছিল।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া ছবিতে দেখা গেছে, বিমানের ধ্বংসাবশেষে আগুন জ্বলছে ও ঘন কালো ধোঁয়া উঠছে।
মার্কিন বিমান বাহিনীটি জানিয়েছে, তাদের ৬৯তম এক্সপিডিশনারি বোম্ব স্কোয়াড্রনের ক্রু সদস্যরা নিয়মিত প্রশিক্ষণ মিশনে বিমানটি নিয়ে উড্ডয়ন করেছিলেন। বিধ্বস্ত বিমানের কারণে পরিবেশগত ক্ষতি যেন না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানালেও বিস্তারিত আর কিছু জানায়নি বাহিনীটি।
উল্লেখ্য, ৬০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বি-৫২ বোমারু বিমান ব্যবহার করে আসছে। এই বি-৫২ বিমান ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে হালের আফগান যুদ্ধেও ব্যবহৃত হয়েছে। এই বিমানের সাহায্যে বিশ্বের যে কোন জায়গায় তাৎক্ষণিকভাবে প্রচলিত ও পরমাণু বোমা হামলা চালাতে সক্ষম যুক্তরাষ্ট্র।
২০০৮ সালে গুয়ামের কাছে সাগরে আরেকটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়ে বিমানটির ছয়জন ক্রু মৃত্যুবরণ করেছিলেন। সূত্র: বিবিসি
/এফইউ/বিএ/








