পাপুয়া নিউ গিনিতে দেশটির প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলমান ছাত্রবিক্ষোভে গুলি চালিয়েছে পুলিশ। এতে এরইমধ্যে অন্তত ৪ জনের প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এতে বহু শিক্ষার্থী আহত হয়েছেন। একজন এমপির বরাত দিয়ে ৪ জনের মৃত্যুর কথা জানালেও তা নিশ্চিত করতে পারেনি তারা। তবে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ১০ শিক্ষার্থীর আশঙ্কাজনক অবস্থার জানিয়েছে। রয়টার্সের খবরে বলা হয়েছে, তারা হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিবিসির খবরে বলা হয়েছে, শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাস থেকে রাজধানীর পার্লামেন্ট ভবনের দিকে যেতে চাইলে তাদের ওপর গুলি চালানো হয়।
উল্লেখ্য, দুর্নীতিতে অভিযুক্ত প্রধানমন্ত্রী পিটার ও নেইলের পদত্যাগের দাবিতে দেশটিতে বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের দাবি প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। পাশাপাশি দুর্নীতির অভিযোগের জবাব দিতে হবে। তবে প্রধানমন্ত্রী নেইল শুর থেকেই দুর্নীতির অভিযোগ অস্বীকার করে পদত্যাগ না করার ব্যাপারে তার অনড় অবস্থান জানিয়ে আসছেন। তাই ছাত্র বিক্ষোভ অব্যাহত রয়েছে।
টিভি ফুটেজে দেখা গেছে, গুলি এবং টিয়ার গ্যাস চালানোর পর বিপুল পরিমাণ শিক্ষার্থী পালিয়ে যেতে বাধ্য হচ্ছেন। একজন এমপির বরাত দিয়ে এ ঘটনায় চারজনের প্রাণহানির কথা জানিয়েছে বিবিসি। ত্রাণকর্মীর বরাতে একই কথা জানিয়েছে রয়টার্সও। তবে কেউ খবরটি নিশ্চিত করতে পারেনি।
২০১২ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে পাপুয়া নিউ গিনিকে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে উল্লেখ করা হয়। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নেইলকে দুর্নীতির দায়ে অভিযুক্ত করে দেশটির দুর্নীতি বিরোধী সংস্থা। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। তবে সেই পরোয়ানা আজও কার্যকর হয়নি।
বিশ্ব ব্যাংকের হিসেবে পাপুয়া নিউ গিনিতে ৭০ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। সূত্র: বিবিসি
/বিএ/








