যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে থাকবে নাকি এ অর্থনৈতিক জোটটি থেকে আলাদা হয়ে যাবে সে প্রশ্নে বৃহস্পতিবার (২৩ জুন) নিজেদের রায় দিতে যাচ্ছে ব্রিটিশ জনগণ। গণভোটের জন্য প্রস্তুত রয়েছে ভোটকেন্দ্রগুলো।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল ৭ টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। আর তা চলবে রাত ১০ টা পর্যন্ত। ৪ কোটি ৬৪ লাখ ৯৯ হাজার ৫৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার কখা রয়েছে। যুক্তরাজ্যের ইতিহাসে এটি জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হওয়া তৃতীয় গণভোট।
এ গণভোটের ব্যালটে একটি প্রশ্ন রাখা হয়েছে। আর তাহল- ‘যুক্তরাজ্যের কি ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে থেকে যাওয়া উচিত নাকি বের হয়ে যাওয়া উচিত?’
যে ভোটগুলো পড়বে তার অর্ধেকের বেশি যে রায় দেবে সেটিই জয় পাবে। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নে যুক্তরাজের থাকা না থাকার প্রশ্নটির সুরাহা হবে।
বিবিসি জানায়, রাত ১০ টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর সীল করা ব্যালট বাক্সগুলো সংগ্রহ করে তা গণনা কেন্দ্রে নিয়ে যাওয়া হবে। ভোট গণনার জন্য স্থানীয়ভাবে ৩৮২টি কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ গণনা কেন্দ্রগুলো ইংল্যান্ড, স্কটল্যান্ড অ্যান্ড ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড ও জিব্রাল্টারের ৩৮০ স্থানীয় সরকারের সবগুলোকে প্রতিনিধিত্ব করছে। এরপর রাতভর ১১টি আঞ্চলিক ভোট গণনা কেন্দ্রের ফলাফলের পাশাপাশি স্বতন্ত্র এলাকাগুলোর ফলাফল ঘোষণা করা হবে। চিফ কাউন্টিং অপিসার পরে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করবেন। অবশ্য তার ঘোষণার আগেই ফলাফল সম্পর্কে ধারণা করা যাবে বলে মনে করা হচ্ছে। তবে নির্বাচন কমিশনের ধারণা, শুক্রবার সকালের দিকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা যাবে।
উল্লেখ্য, যুক্তরাজ্যে অভিবাসীদের আধিক্য নিয়ে ব্রিটিশ নাগরিকদের একাংশের মধ্যে এক ধরণের অস্বস্তি রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের নিয়ম অনুযায়ী ইইউভুক্ত ২৮টি দেশের নাগরিক ভিসা ছাড়াই এক দেশ থেকে আরেক দেশে প্রবেশ করতে পারে। আর সে কারণে গত মেয়াদে ডেভিড ক্যামেরন সরকার ইইউর বাইরের দেশ থেকে আসা অভিবাসীদের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনতে সক্ষম হলেও ইইউভুক্ত নাগরিকদের প্রবেশ ঠেকাতে পারেনি।
নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী এবারের মেয়াদে ইইউভুক্ত দেশের নাগরিকদের যুক্তরাজ্যে প্রবেশ নিরুৎসাহিত করতে চার বছরের জন্য সুবিধা ভাতা বন্ধ রাখার প্রস্তাব দেন ক্যামেরন। এতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ইইউভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানরা। তাদের দাবি, সদস্য দেশের নাগরিকদের সুবিধা ভাতা প্রদানে বৈষম্য করা হলে তা হবে ইইউর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যের সাথে সাংঘর্ষিক। এই প্রশ্নে যুক্তরাজ্যকে ইইউতে রাখা না রাখার ব্যাপারে সংশয় তৈরি হয়।
ব্রেক্সিট প্রশ্নে ইইউভুক্ত নেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিয়ে অভিবাসীদের সুবিধা সীমিত করাসহ চারটি সংস্কার প্রস্তাব দেন ক্যামেরন। পরে সে প্রস্তাব নিয়ে ক্যামেরনের সঙ্গে সমঝোতায় পৌঁছান ইইউ নেতারা। ইইউ’র সঙ্গে সমঝোতার পর দেশে ফিরে গণভোটের তারিখ ঘোষণা করেন ক্যামেরন।
ব্রিটিশ আইন অনুযায়ী, গণভোটের ১৬ সপ্তাহ আগে তারিখ ঘোষণা করার বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে ২৩ জুন তারিখটি নির্ধারণ করা হয়।
সূত্র: বিবিসি
/এফইউ/








