সিরিয়ার পূর্বাঞ্চলে আইএস নিয়ন্ত্রিত একটি এলাকায় দেশটির সরকারি বাহিনী ও রুশ বাহিনীর যৌথ বিমান হামলায় অন্তত ৪৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৩১ জনই বেসামরিক নাগরিক। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এমন দাবি করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, দের আজ জোর প্রদেশের আল কুরায়াহতে শনিবার এসব বিমান হামলা চালানো হয় বলে দাবি করেছেন সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান। নিহতদের মধ্যে ৩১ জনকে বেসামরিক হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে বাকি ১৬ জনও বেসামরিক নাকি আইএস যোদ্ধা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছেন রামি।
তিনি আরও জানান, শহরের আবাসিক এলাকা ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইএস।
এদিকে কুর্দি যোদ্ধা ও সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) এর আরব যোদ্ধারা আইএস নিয়ন্ত্রিত মানবিজ শহরের একটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের দিকে এগিয়ে গেছে। শনিবার একটি শস্য ভাণ্ডারের নিয়ন্ত্রণ নেওয়ার পর ওই সড়কের দিকে এগিয়ে যায় তারা। দ্য রাকা রিভ্যুলশনারি পার্টিও খবরটি নিশ্চিত করেছে।
লোকাল কো-অর্ডিনেশন কমিটি নামে অন্য একটি মানবাধিকার সংগঠনের দাবি, যেসব মানুষ মানবিজ শহর ছাড়তে চাইছেন, তাদেরকে গুলি করে হত্যা করছে আইএস।
২০১৪ সালে আইএস-এর নিয়ন্ত্রণে যাওয়ার পর বিদেশি যোদ্ধা নিয়োগ ও তহবিল আনা নেওয়ার ক্ষেত্রে মানবিজ এলাকাটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে। তাছাড়া তেল, পুরাকীর্তিসহ অন্যান্য মালামাল পাচারের ক্ষেত্রে এ এলাকাটি আইএসের জন্য গুরুত্বপূর্ণ একটি হাব হিসেবে বিবেচিত হয়। সূত্র: আল জাজিরা
/এফইউ/








