দলের নেতৃত্ব সংকট নিরসনে জরুরি আলোচনার ডাক দিয়েছেন লেবার পার্টির প্রধান জেরেমি করবিন। ধারণা করা হচ্ছে, সেখানে দলের নেতৃত্ব এবং নতুন ছায়া মন্ত্রিসভার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
সোমবার (২৭ জুন) সকালে লেবার পার্টির উপ-প্রধান টম ওয়াটসনের সঙ্গে করবিনের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে দলীয় নেতৃত্ব, ছায়া মন্ত্রিদের পদত্যাগের বিষয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিলারি বেনকে বহিস্কারের পর এখন পর্যন্ত ১১ জন ছায়ামন্ত্রী ছায়া মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন।
এর আগে লেবার দলের দুই জ্যেষ্ঠ রাজনীতিবিদ করবিনের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়েছেন। পার্লামেন্টের লেবার দলীয় সংসদ সদস্য ডেম মার্গারেট হজ ও অ্যান কফি গত শুক্রবার পার্লামেন্টারি লেবার পার্টির (পিএলপি) চেয়ারম্যান জন ক্রায়ারের কাছে একটি প্রস্তাব পেশ করেন। সোমবার পিএলপির বৈঠকে জেরেমি করবিনের বিরুদ্ধে আস্থা ভোটের ব্যাপারে আলোচনা হবে। ওই বৈঠকেই সিদ্ধান্ত হবে পরদিন মঙ্গলবার গোপন ব্যালটে আস্থা ভোট হবে কি না।
তবে করবিনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তিনি পদত্যাগ করছেন না। করবিন মনে করেন,ব্রেক্সিট প্রশ্নে জনগণের এই অবস্থান লেবার রাজনীতির জন্য ইতিবাচক ভূমিকা নিয়ে এসেছে। আবাসন, কর্মসংস্থান, সুরক্ষা, ইউরোপীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্কের প্রশ্নসহ বিভিন্ন ইস্যুতে বিকল্প হাজির করার সুযোগ তৈরি হয়েছে।
করবিনের মতে, দলে যারা তার প্রতি অনাস্থা এনেছেন,তাদের সেই কাজ বাদ দিয়ে লেবার রাজনীতিকে এগিয়ে নিতে ভূমিকা পালন করা উচিত। উল্লেখ্য, দলের তৃণমূল কর্মীদের নিরঙ্কুশ সমর্থন নিয়ে লেবারদের নেতা নির্বাচিত হয়েছিলেন তিনি।
ইউরোপীয় ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের আলাদা না হওয়ার পক্ষে অর্থাৎ ‘রিমেইন’ শিবিরের হয়ে প্রচারণা চালিয়েছিলেন লেবার নেতা জেরেমি করবিন। তবে ব্রিটিশ জনগণের রায় এর বিপক্ষে যাওয়ার পর দলীয় নেতৃত্বের চ্যালেঞ্জের মুখে পড়েছেন তিনি।
সূত্র: দ্য গার্ডিয়ান।
/এসএ/বিএ/








