জঙ্গি সংগঠন আইএস সংক্রান্ত প্রতিবেদন তৈরির ‘অপরাধে’ খুনের শিকার হয়েছেন পাঁচ সিরীয় সংবাদিক। এদের মধ্যে দুজনকে ক্যামেরা ও ল্যাপটপসহ বিস্ফোরকের মুখে ঠেলে দেওয়া হয়। রবিবার এসব হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশ করে আইএস। সোমবার ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।
খুন হওয়া ওই পাঁচ ব্যক্তিকে গতবছর অপহরণ করে আইএস। সিরিয়ার পূর্বাঞ্চলের শহর দেইর আল-জরের দখলকৃত এলাকায় আইএসের বিভিন্ন ঘটনা সম্পর্কে খবর সংগ্রহ করতে গিয়ে তারা অপহরণের শিকার হন।
সিরিয়ায় যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ওই পাঁচ সাংবাদিককে গত বছরের অক্টোবরে অপহরণ করা হয়। ধারণা করা হচ্ছে, গত ডিসেম্বরে তাদের হত্যা করা হয়েছে।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আব্দুররাহমান বলেছেন, হত্যার ঘটনা আগে জানতে পারলেও তাদের মৃতদেহ না পাওয়ায় তারা তা প্রচার করেননি। তা ছাড়া নিহত ব্যক্তিদের পরিবারও ভয় পাচ্ছিল যে হত্যার খবর প্রচার করলে আইএস আরও প্রতিহিংসাপরায়ণ হয়ে উঠবে। আব্দুররাহমান বলেন, হত্যার শিকার গণমাধ্যমকর্মীদের একজন ২৮ বছর বয়সী সামি ২০১১ সালে সিরিয়ায় যুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকেই তাঁদের সংস্থাকে তথ্য দিয়ে থাকতেন।
আইএসের হাতে সাংবাদিক হত্যা অবশ্য এটাই প্রথম নয়। ২০১৪ সালেও আইএস জঙ্গিরা একটি ওয়েবসাইটে এক মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদের ভিডিও প্রকাশ করে। ভিডিওতে দেখানো ওই সাংবাদিকের নাম জেমস ফলি। আইএস জঙ্গিদের ওপর মার্কিন বিমান হামলার শোধ নিতেই তাকে হত্যার দাবি করে জঙ্গিরা। ২০১২ সালের নভেম্বরে সিরিয়ায় অস্ত্রধারীদের হাতে অপহৃত হয়েছিলেন ৪০ বছর বয়সী জেমস ফলি। সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া, মিডল ইস্ট আই।
/এমপি/








