যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকে জিজ্ঞাসাবাদ করেছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময়কার ইমেইলের প্রসঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
হিলারি ক্লিনটন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকাকালীন সময় কোন রাষ্ট্রীয় গোপন তথ্যের অপব্যবহার করেছেন কিনা সে বিষয়ে তদন্ত করছে এফবিআই।
হিলারি তার ব্যক্তিগত ইমেইলে রাষ্ট্রীয় তথ্য আদানপ্রদানের অভিযোগ অস্বীকার করে আসছেন শুরু থেকেই।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে বিমানবন্দরে হামলা চালাবে আইএস!
তিনি বলেন, তিনি কাজের সুবিধার্থে ওই ইমেইল ব্যবহার করেছেন। তবে হিলারিসহ আরও বেশ কিছু উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্বল নিরাপত্তা ব্যবস্থার অধীনে ইমেইল ব্যবহার করে রাষ্ট্রীয় তথ্যকে ঝুঁকির মুখে ফেলার অভিযোগ তুলেছে কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থা তাদের ওই কর্মকাণ্ড শাস্তিযোগ্য অপরাধের মধ্যে পড়বে কিনা সে বিষয়টি বিবেচনায় এনেছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসের প্রাক্কালে উৎসবমুখর পরিবেশে হিলারি ক্লিনটনের সাথে এফবিআই কর্মকর্তাদের প্রায় সাড়ে তিন ঘণ্টা দীর্ঘ সাক্ষাৎকার বেশ আলোচনার জন্ম দিয়েছে।কেননা, অল্প কয়েকদিনের মধ্যেই ডেমোক্র্যাটিক পার্টির চূড়ান্ত প্রার্থী হিসেবে হিলারি ক্লিনটনের নাম ঘোষণা করার কথা রয়েছে।রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের বিপরীতে নিজেকে যোগ্যতর ও দায়িত্বশীল বলেই দাবি করেন হিলারি।
সূত্র: বিবিসি
/ইউআর/








