যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামাকে লেখা এক বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন থেকে এ তথ্য জানানো হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।
রুশ প্রেসিডেন্টের বার্তায় ইঙ্গিত দেওয়া হয়, তিনি চান যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনারায় একটি ইতিবাচক সম্পর্ক শুরু করতে চান।
ভ্লাদিমির পুতিন লিখেছেন, রুশ-মার্কিন সম্পর্কের ইতিহাসে আমদের সমান অংশীদার হিসেবেই দেখা যাবে। আমরা উভয়েই পরস্পরের বৈধ স্বার্থের প্রতি শ্রদ্ধাশীল। আমরা দুই দেশের জনগণের স্বার্থ ও বিশ্বমানবতার দিকে নজর রেখে আন্তর্জাতিক জটিল ইস্যুগুলোর সমাধান করতে সক্ষম।
রাশিয়ার প্রেসিডেন্টের এ বার্তার ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউস।
এই বার্তা এমন এক সময়ে এলো যখন সিরিয়ায় দুই দেশ পরস্পরবিরোধী অবস্থানে রয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মতে, আইএসকে নিয়ন্ত্রণে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে কাজ না করাটা বড় ধরনের ভুল হবে। যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের উদ্দেশ্যে এর আগে পুতিন বলেছিলেন, তারা সিরিয়ার নাগরিক নয়, তাই অন্য দেশের নেতৃত্ব নির্বাচনের সঙ্গে তাদের জড়ানো উচিত হবে না। সূত্র: সিএনএন।
/এমপি/








