পশ্চিম তীরে বুধবার সকালে গুলি করে এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। তার অবস্থাও গুরুতর। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা মিডল ইস্ট মনিটর।
নিহত ফিলিস্তিনির নাম আনওয়ার আল সালামেহ (২২)। আহত ব্যক্তির নাম ফারেস খাদের আল রিশক (২০)। এছাড়া ঘটনার সময় সেখানে থাকা মোহাম্মদ নাসার নামের ২০ বছরের এক ফিলিস্তিনিকে আটক করে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি বাহিনীর দাবি, দুই ফিলিস্তিনি গাড়ি চালিয়ে পুলিশ কর্মকর্তাদের দিকে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালায়।
ইসরায়েলি সেনাবাহিনীর একজন নারী মুখপাত্র জানান, জেরুজালেমের উত্তর-পূর্বাঞ্চলের আল রামে এলাকায় পুলিশের অভিযান চলছিল। অভিযানকালে পুলিশ একটি অস্ত্র তৈরির কারখানা আবিষ্কার করে। এ সময় একটি গাড়ি কর্মকর্তাদের দিকে আসতে থাকে।
তিনি বলেন, বিপজ্জনক মনে করে এক সীমান্ত পুলিশ গুলিবর্ষণ করে। এতে একজন নিহত ও একজন আহত হয়। এছাড়া গাড়িতে থাকা আরও একজনকে আটক করা হয়েছে।
/এমপি/








