বিতর্কিত মন্তব্য করে আলোচনায় আসতে বরাবরই দুর্দান্ত পারদর্শী ডোনাল্ড ট্রাম্প। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির এ প্রার্থী তার দেশের পুরনো মিত্র জাপানের কঠোর সমালোচনা করেছেন। শুক্রবার তিনি বলেছেন, এশিয়ার এ দেশটিকে ওয়াশিংটন অবশ্যই সুরক্ষা দেবে। কিন্তু যুক্তরাষ্ট্র আক্রান্ত হলে জাপানিরা ‘বাড়িতে বসে সনি টেলিভিশন দেখতে পারে’। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম হাফিংটন পোস্ট।
জাপান-যুক্তরাষ্ট্রের সম্পর্ক ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, ‘জাপানের সঙ্গে আমাদের একটি বিশেষ চুক্তি রয়েছে। এই চুক্তির কারণে জাপান আক্রান্ত হলে সর্বশক্তি নিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে আমাদের। তবে আমরা যদি আক্রান্ত হই তাহলে জাপানকে কিছুই করতে হবে না। তারা ঘরে বসে সনি টেলিভিশন দেখবে, তাই না?’
ডোনাল্ড ট্রাম্প শুক্রবার আইওয়া অঙ্গরাজ্যে ভাষণ দেন। ন্যাটো জোটে আর্থিক অবদান রাখার ব্যাপারে যেসব দেশ অনাগ্রহী, তাদের সমালোচনার পাশাপাশি মার্কিন সুরক্ষাপ্রাপ্ত দেশগুলোরও তীব্র নিন্দা করেন তিনি।
তিনি বলেন, ‘শুধু জাপান নয়, দক্ষিণ কোরিয়া, জার্মানি, সৌদি আরবসহ অন্য অনেক দেশকে বাঁচানোর দায় যুক্তরাষ্ট্রের একার। আর এর জন্য যে ব্যয় হবে তা মেটানোর কোনও দায় এই দেশগুলোর নেই। তাদের অবশ্যই এ মূল্য পরিশোধ করা উচিত। আমরা আর ৪০ বছর আগের অবস্থানে নেই। প্রক্রিয়াটি দ্বিমুখী হতে হবে।’
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তিটি সই হয়। জাপানকে সুরক্ষা দেওয়ার জন্য এখনও দেশটিতে ৪৭ হাজার মার্কিন সেনা অবস্থান করে।
/এমপি/








