মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বড় মেয়ে মালিয়া ওবামার ধূমপানের দৃশ্যসম্বলিত একটি ভিডিও রাডার অনলাইন নামের একটি গসিপ সাইটে প্রকাশের পর তা নিয়ে টুইটারে বিতর্ক ও পাল্টা বিতর্কের ঝড় উঠেছে। গত মাসে ধারণ করা ওই ভিডিওতে মালিয়াকে সিগারেটের মতো কিছু একটা টানতে দেখা গেছে। ভিডিও দেখে ধারণা করা হচ্ছে মালিয়া গাঁজা খাচ্ছিল।
আর সেই দৃশ্য দেখে অনেকে এর পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়েছেন। প্রেসিডেন্টের মেয়ে হিসেবে মালিয়া সুবিধা পাচ্ছেন বলে অভিযোগ করেছেন কেউ কেউ। আবার কেউ কেউ মালিয়ার পক্ষে অবস্থান নিয়ে বলছেন তাকে যেন প্রেসিডেন্টের মেয়ে হিসেবে বিবেচনা না করে অন্য কিশোরীদের মতো করেই সামাজিক জীবন-যাপন করতে দেওয়া হয়। টুইটারে ‘লেট মালিয়া লিভ’ নামের ক্যাম্পেইনও শুরু করেছে মালিয়া ভক্তরা।
ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়, রাডার অনলাইনে প্রকাশিত ৯ সেকেন্ডের ওই অনলাইন ভিডিওতে দেখা গেছে লোল্লাপালুজা সঙ্গীত উৎসবে মালিয়া ধূমপান করছে। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রাডার অনলাইনে আরও দাবি করা হয়েছে, মালিয়া যে সিগারেট টানছিল তার ভেতরে গাঁজা ছিল যা সম্প্রতি ইলিনয় অঙ্গরাজ্যে বৈধতা পেয়েছে। ১০ গ্রামের নিচে গাঁজা বহন করা এখন আর শাস্তিযোগ্য অপরাধ নয়।
তবে রাডার অনলাইনে খবরটি প্রকাশের পর কেউ কেউ এটাকে ভালো চোখে নেননি। টুইটারে এর ন্দিা জানিয়ে অনেকে ইঙ্গিত দিয়েছেন মালিয়া মার্কিন প্রেসিডেন্টের মেয়ে হওয়ার কারণে সুবিধা পাচ্ছেন।
জেনা আব্রামস নামের একজন টুইটারে লিখেছেন, ‘মালিয়া লোল্লাপালুজায় গাঁজা সেবন করছিল। কিছু মানুষের এর জন্য জেল হয়, কেউ কেবল প্রেসিডেন্টের মেয়ে হওয়ার কারণে বেঁচে যায়।’
জিডিজি নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘মালিয়া গাঁজা খাচ্ছে? সে যদি তার কর্মকাণ্ড এখনই ঠিক না করে তবে সে প্রেসিডেন্টকে ডুবাবে। আর পরে সে পস্তাবে।’
আবার মালিয়ার পক্ষে অবস্থান নিয়ে অনেকেই অভিযোগ করেছেন তার বিরুদ্ধে গসিপ সাইটগুলো রটনা ছড়ানোর অপেক্ষায় থাকে। প্রেসিডেন্টের মেয়ে দেখেই তার পিছু নিয়ে থাকে এ ট্যাবলযেডগুলো। তা না করে মালিয়াকে অন্য স্বাভাবিক কিশোরীদের মতো বাঁচতে দেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা। সমালোচক ও রটনাকারী ওয়েবসাইটের বিরুদ্ধে ‘লেট মালিয়া লিভ’ নামে পাল্টা ক্যাম্পেইনও চালাচ্ছেন মালিয়া ভক্তরা।
টুইটারে জেফ বি/ডিডিএইচকিউ নামের একজন লিখেছেন ‘মালিয়া ওবামা সিগারেট টানুক বা গাঁজা টানুক কিংবা ব্যাঙ চাটুক তাতে আমার কিছু আসে যায় না। ঈশ্বরের দোহাই, তাকে কিশোরী হিসেবে বাঁচতে দিন।’
রাভলো নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘মালিয়া ওবামা গাঁজা খেয়েছে, কিন্তু সে এখন হার্ভার্ডে পড়াশোনা করছে। তার বাবাও গাঁজা খেতেন, আর তিনি প্রেসিডেন্ট হয়েছেন। তোমরা পাগল? পাগলই থাকো।’ সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, টাইমস অব ইন্ডিয়া
/এফইউ/বিএ/








