মার্কিন নির্বাচনের রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ন্যাটোবিরোধী মন্তব্য প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, সামরিক জোট ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের যে অঙ্গীকার রয়েছে তা রক্ষা করা হবে।
লিথুয়ানিয়া, লাটভিয়া, এস্তোনিয়া এই তিন ব্যালাস্টিক দেশ ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর আবারও স্বাধীনতা লাভ করে। এই দেশগুলো রাশিয়ার সামরিক হুমকির মধ্যে রয়েছে বলে মনে করা হয়। ন্যাটো জোটে থাকা এই তিন ব্যালাস্টিক দেশের প্রসঙ্গ ধরে সম্প্রতি দ্য নিউ ইয়র্ক টাইমসের সঙ্গে এক সাক্ষাৎকারে তীব্র বিষেদগার করেন ট্রাম্প। তিনি মন্তব্য করেন, নভেম্বরে তিনি প্রেসিডেন্ট হলে এই দেশগুলো রুশ হামলার শিকার হলেও কোনও ভূমিকা নেবে না যুক্তরাষ্ট্র। ন্যাটো যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতি করছে উল্লেখ করে তিনি বলেন ‘আমাদের অনেক ন্যাটো সদস্য আছেন যারা ঠিকভাবে বিল দিচ্ছেন না। আমরা তো বিলের কথা ভুলে যেতে পারি না। বিল না দেওয়ার পাশাপাশি তারা নিজেদের কাজটুকুও করছে না, দায়িত্ব পালন করছে না।’ ট্রাম্পের মতে ন্যাটোর সঙ্গের মার্কিন সম্পর্ক শর্তযুক্ত হওয়া উচিত। তিনি বলেন, মিত্র দেশগুলো যদি অর্থনৈতিক দায়িত্ব পালন করে, তবেই কেবল মার্কিন সেনাবাহিনীর তাদের পাশে থাকা উচিত। অন্যথায় নয়।
ট্রাম্পের এই অবস্থান প্রত্যাখান করেন জো বাইডেন। মঙ্গলবার তিনি বলেন, ‘আমি বালটিক দেশগুলোর নাগরিকদের প্রতি বলতে চাই, আমরা আমাদের অঙ্গীকার রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।যু ক্তরাষ্ট্র ন্যাটো চুক্তি ও পাঁচ নম্বর ধারার প্রতি সম্মান রাখবে।’ উল্লেখ্য, যৌথ প্রতিরক্ষা বিষয়ে ন্যাটোর পাঁচ নম্বর ধারায় বলা আছে, ‘ইউরোপ বা উত্তর আমেরিকার এক বা একাধিক সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলা হলে একে সকলের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।’
সূত্র রয়টার্স
/ইউআর/বিএ/








