যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের শপিং মলে বন্দুকধারীর গুলিতে নিহত নারীর সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন পুরুষ। স্থানীয় সময় গতকাল শুক্রবার রাতে সেখানে বন্দুক দিয়ে হামলা চালানো হয়। একজন হামলাকরীই শপিং মলের ওই বন্দুক হামলা চালিয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। তার খোঁজে পরিচালিত হচ্ছে অভিযান।
পুলিশের মুখপাত্র সার্জেন্ট মার্ক ফ্রান্সিস সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া বার্তায় প্রথমে গুলিতে চারজন নিহত হওয়ার খবর জানান। পরে সাংবাদিকদের জানান, গুলিতে তিনজন নারী নিহত ও দুজন পুরুষ আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তবে এরপর মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এবং ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি পুলিশ কর্তৃপক্ষের বরাত দিয়েই ৪ নারীর মৃত্যু নিশ্চিত করে। আর পুলিশের মুখপাত্র সার্জেন্ট মার্ক ফ্রান্সিস-এর টুইটারে গিয়েও সবশেষ আপডেটে দেখা যায়, চার নারীর মৃত্যু নিশ্চিত করা হয়েছে।
বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ভিডিও ফুটেজে একজন যুবককে রাইফেল হাতে দেখা গেছে। খুব কাছ থেকেও ওই বন্দুকধারীকে স্পষ্ট দেখা যায়নি। আর সিএনএনের খবর থেকে জানা যায়, স্থানীয় সময় সন্ধ্যা সাতটার দিকে মলে গুলি চলেছে বলে পুলিশ খবর পা্য়। এদিকে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় ফ্রান্সিস বলেন, পুলিশ পৌঁছানোর আগে মল থেকে সন্দেহভাজন এক ব্যক্তিকে বের হয়ে চলে যেতে দেখা গেছে। মলটি ফাঁকা করে দেওয়া হয়েছে। পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে। আহত ব্যক্তিদের সেবা দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। মল এলাকার আশপাশে সন্দেহভাজন বন্দুকধারীকে খুঁজছে একাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ও শিকারি কুকুর। মার্ক ফ্রান্সিস জানান, বারলিংটনের কাসকেড মলের ওই বন্দুকধারী একজন হিস্পানিক বলে তাঁদের সন্দেহ। তিনি ধূসর রঙের পোশাক পরেছিলেন।
পুলিশের মুখপাত্র ফ্রান্সিস বলেন, বেঁচে যাওয়া ব্যক্তিদের একটি বাসে করে নিকটবর্তী গির্জায় নিয়ে যাওয়া হয়েছে। টুইটারের ঘোষণায় ফ্রান্সিস বার্লিংটনের বাসিন্দাদের ‘ক্যাসকেড মল’ এলাকার বন্ধ করে দেওয়া রাস্তাগুলো দিকে না যাওয়ার অনুরোধ জানিয়েছেন। পুলিশ আসার আগেই গুলিবর্ষণকারী ঘটনাস্থল থেকে সরে পরে। গুলিবর্ষণকারী একজনই ছিল বলে ধারণা করছে পুলিশ। সিয়াটলের রেডিও সংস্থা কোমো নিউজকে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, একজন বন্দুকধারী একটি দোকানে ঢুকে নির্বিচারে গুলিবর্ষণ করে। সঙ্গে সঙ্গে আশপাশের ব্যবসাকেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়।
শপিং মলটি ওয়াশিংটনের সিয়াটল এলাকা থেকে ১১০ কিলোমিটার দূরে। রাজ্য পুলিশ কর্মকর্তা রিক জনসন বলেন, এখন তাঁদের মাথায় বিভিন্ন প্রশ্ন। তারা প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাবাদের মধ্য দিয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করছেন। ওই এলাকার কাছাকাছি লোকদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
মিনেসোটা অঙ্গরাজ্যের অপর এক বিপণি বিতানে এক ব্যক্তির ছুরিকাঘাতে নয়জন আহত হওয়ার এক সপ্তাহের মধ্যেই বার্লিংটনের এ ঘটনা ঘটল। মিনেসোটার ঘটনায় হামলাকারী পুলিশের গুলিতে নিহত হন। এ ঘটনাকে সন্ত্রাসী তৎপরতা ধরে নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে এফবিআই।
/বিএ/








