যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে বুধবার আকস্মিক হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক বন্দুকধারীকে আটক করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
নিহত দুই পুলিশ কর্মকর্তা হলেন অ্যান্টনি বেমিনিও (৩৯) ও জাস্টিন মার্টিন (২৪)। অ্যান্টনি ডেস মোইনেস পুলিশ ডিপার্টমেন্টে ১১ বছর দায়িত্ব পালন করছেন। জাস্টিন আরবান্ড্যাল পুলিশ বাহিনীতে এক বছর ধরে কর্মরত ছিলেন। স্থানীয় সময় রাত ১ টায় আরবান্ড্যাল হাই স্কুলের পাশে মার্টিনের মৃতদেহ পাওয়া যায়। এর ২০ মিনিট পর কাছের একটি চৌরাস্তায় বেমিনিওকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে হাসপাতালে পাঠানোর পর তিনি মারা যান।
কর্তৃপক্ষ জানিয়েছে, এ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ব্যাপক অভিযান চালিয়ে রাজ্যের রাজধানী ডেস মোইনেসের উপশহর আরবান্ড্যাল থেকে ৪৬ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী স্কট গ্রিনকে আটক করেছে।
হামলার পর স্কট গ্রিনকে শনাক্ত করার দুই ঘন্টারও কম সময়ের মধ্যে তাকে আটক করা হয়। শনাক্ত করার পর তাকে সশস্ত্র বিপজ্জনক ব্যক্তি হিসেবে অভিহিত করে সাধারণ মানুষকে সতর্ক করা হয়।
ডেস মোইনেসের পুলিশ সার্জেন্ট পল পারিজেক এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই গ্রিনকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।’
স্থানীয় সময় বুধবার ভোরে গাড়িতে করে দুই পুলিশ কর্মকর্তা টহল দেওয়ার সময় তাদের ওপর আকস্মিকভাবে পৃথক এই হামলা চালানো হয়। দুই মাইল ব্যবধানে হামলা দুটি চালানো হয়েছে।
পারিজেক বলেন, ‘নিহত দুই কর্মকর্তাদের কেউই সন্দেহভাজন হামলাকারীর সঙ্গে মোকাবেলা করার সুযোগ পাননি বলে মনে হচ্ছে।’
আরবান্ড্যাল পুলিশের প্রধান কর্মকর্তা রোস ম্যাককারটি বলেন, একটি ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে মনে হচ্ছে দশমিক ২২৩ ক্যালিবার অস্ত্র দিয়ে ১৫ থেকে ৩০টি গুলি করা হয়েছে এবং হামলাকারী পায়ে হেঁটে পুলিশের গাড়ির কাছে আসে।
/এমপি/








