সিআইএ প্রধান জন ব্রেনান প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে বলেছেন, ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল করা হলে, তা বিপর্যয় ডেকে আনবে এবং এটি হবে চরম নির্বুদ্ধিতা।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-র সঙ্গে একান্ত সাক্ষাৎকারে জন ব্রেনান এসব কথা বলেন। তিনি ওই সাক্ষাৎকারে ইরানের সঙ্গে বিশ্বের ছয় পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের চুক্তি, রাশিয়ার সঙ্গে যুক্ররাষ্ট্রের সম্পর্ক, জঙ্গিবাদসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত কথা বলেন।
নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প বলেছিলেন, ক্ষমতায় গেলে তিনি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের করা চুক্তি বাতিল করবেন। ইরানের সঙ্গে পরমাণু চুক্তি বাতিল করলে তা যুক্তরাষ্ট্রের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে বলেও সতর্ক করেন ব্রেনান। পাশাপাশি এর ফলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ঝুঁকি বাড়বে বলেও তিনি মন্তব্য করেন।
সিআইএ প্রধান সিরিয়ার জনগণের দুর্ভোগের জন্য রাশিয়াকে দায়ী করে বলেন, ‘ইরান নয় ট্রাম্পের উচিত মস্কোকে নিয়ে ভাবা, কারণ রাশিয়ার কারণেই সিরিয়ায় আজ এতো রক্তক্ষয়।’ নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প রাশিয়ার সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার ইঙ্গিত দেন।
ট্রাম্প প্রশাসন সম্পর্কে ব্রেনান বলেন, নতুন প্রশাসনকে সকল ক্ষেত্রেই সাংবিধানিক বিধি মেনে চলার এবং দূরদর্শিতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। জঙ্গিবাদ মোকাবিলায় কৌশলগত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার ক্ষেত্রেও গুরুত্বারোপ করেন তিনি।
চার বছর সিআইএ প্রধান হিসেবে দায়িত্ব পালন শেষে আগামী বছরের জানুয়ারিতে নিজ পদ থেকে অব্যাহতি নেবেন জন ব্রেনান।
সূত্র: বিবিসি।
/এসএ/








