মেক্সিকান সকল পণ্যের ওপর ২০ শতাংশ করারোপের যে পরিকল্পনা ট্রাম্প প্রশাসন করছে, তার তীব্র সমালোচনা করেছে মেক্সিকো।
উল্লেখ্য, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ করাটা ছিল ট্রাম্পের অন্যতম নির্বাচনি প্রতিশ্রুতি। তার পরিপ্রেক্ষিতেই বুধবার (২৫ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বহুল আলোচিত যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের নির্বাহী আদেশে স্বাক্ষর করেন। এই দেয়াল নির্মাণের খরচের শতভাগ মেক্সিকো বহন করবে বলেও জানান তিনি। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায়ও ট্রাম্প একাধিকবার উল্লেখ করেছিলেন, তিনি ক্ষমতায় এলে মেক্সিকো সীমান্তে দেয়াল তুলবেন। আর সেই দেয়ালের খরচ যোগাতে হবে মেক্সিকোতেই।
বুধবার এই আদেশে স্বাক্ষরের সময় ট্রাম্প বলেন, ‘আমরা একদম শুরু থেকেই এটা নিয়ে কথা বলে আসছি।’ এসময় একটি টেলিভিশনকে দেওয়া দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ‘নিশ্চিতভাবে’ই এই দেয়ালে নির্মাণে খরচের ‘শত ভাগ’ বহন করবে মেক্সিকো।
ট্রাম্প প্রশাসনের করারোপের সিদ্ধান্তের প্রতিবাদে মেক্সিকোর প্রেসিডেন্ট পেনা নিয়েতো তার নির্ধারিত যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন।
মেক্সিকোর পররাষ্ট্রমন্ত্রী লুইস ভিদেগারায় সতর্ক করেন, এমন করারোপ মার্কিন ক্রেতাদের জন্য পণ্যের মূল্য আরও বাড়াবে। আর শেষ বিচারে ওই ক্রেতারাই ট্রাম্পের দেয়াল নির্মাণের অর্থ যোগাবে।
বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘মার্কিন কর্তৃপক্ষ মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপ করে তা দিয়ে দেয়াল নির্মাণ করতে পারবেন না। এর ফলে কেবল গ্রাহকদের জন্য পণ্যের মূল্যটাই বাড়বে। মূল্য বাড়বে অ্যাভোকাডো, ওয়াশিং মেশিন এবং টেলিভিশনের।’
তিনি আরও বলেন, ট্রাম্পের দেয়াল নির্মাণের জন্য মেক্সিকো ‘আলোচনায় যেতে রাজি নয়’।
হোয়াইট হাউজের প্রেস সচিব সেন স্পাইসার জানিয়েছেন, ‘প্রস্তাবটি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসে রিপাবলিকান সমর্থকদের সঙ্গে প্রাথমিক আলোচনা করেছেন। আর ভবিষ্যতে এটা একটি বড় অর্থনৈতিক প্রস্তাব হতে পারে। তবে এ প্রস্তাবে ভোক্তা, উৎপাদক এবং দুই দেশের সরকারের সম্পর্কে দীর্ঘমেয়াদি জটিলতা সৃষ্টি করতে পারে।’
তিনি আরও বলেন, ‘মেক্সিকোর পণ্য আমদানির ওপর ২০ শতাংশ করারোপ করা হলে বছরে প্রায় ১০ বিলিয়ন ডলার সংগ্রহ করা যাবে—যা মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের জন্য যথেষ্ট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এ প্রাচীর নির্মাণে যুক্তরাষ্ট্রের ব্যয় হবে কমপক্ষে ৮ থেকে ২০ বিলিয়ন ডলার।’
সূত্র: বিবিসি।
/এসএ/








