যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও সন্ত্রাসবাদ বিষয়ক বিশ্লেষক সেবাস্টিয়ান গোরকা’র বিরুদ্ধে বিমানে বন্দুক বহনের অভিযোগ উঠেছে। আদালতের নথিতে বলা হয়েছে, তিনি গতবছর একটি বিমানে পিস্তল নেওয়ার চেষ্টা করেছিলেন। এ ঘটনায় ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ফৌজদারি অভিযোগের মুখে রয়েছেন গোরকা। তবে এরইমধ্যে হোয়াইট হাউসের একটি গুরুদায়িত্বের জন্য তাকে বাছাই করেছেন ডোনাল্ড ট্রাম্প। অভিযোগ মাথায় নিয়েই হোয়াইট হাউসের জ্যেষ্ঠ উপদেষ্টা স্টিভ ব্যাননের সঙ্গে কাজ শুরু করতে যাচ্ছেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
ইউএস ট্রান্সপোর্টেশন সিকিউরিটি দফতর সূত্রে জানা গেছে, ২০১৬ সালের জানুয়ারিতে ভার্জিনিয়ার ‘রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্ট’-এ সেবাস্টিয়ান গোরকা’কে থামিয়ে দেন সংস্থাটির একজন কর্মকর্তা। এক্সরে সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে ওই কর্মকর্তা গোরকা’র কাছে ৯এমএম ক্যালিবার হ্যান্ডগান শনাক্ত করেন। ওই কর্মকর্তা বিমানবন্দর পুলিশকে এ বিষয়ে সতর্ক করেন। তিনি পিস্তলটি বাজেয়াপ্ত করেন। তিনি গোরকা’র বিরুদ্ধে বিমানবন্দরে অবৈধভাবে অস্ত্র আনার অভিযোগ দায়ের করেন।
ওই সময়ে ইউএস ট্রান্সপোর্টেশন সিকিউরিটি দফতরের বিবৃতিতে সেবাস্টিয়ান গোরকা’র নাম উল্লেখ করা হয়নি। ম্যাকলিন নামের এক ব্যক্তি পরে শনাক্ত করেন যে, ওই ঘটনার সঙ্গে যুক্ত ব্যক্তি ছিলেন গোরকা। তিনি পুরো ঘটনার বিশদ বিবরণ দেন। এক পর্যায়ে কর্মকর্তারাও নিশ্চিত করেন যে, সেবাস্টিয়ান গোরকা’ই হচ্ছেন সেই পিস্তলধারী। তবে এ বিষয়ে মুখ খুলতে নারাজ হোয়াইট হাউস। এ ব্যাপারে অভিযুক্ত গোরকা’র কোনও বক্তব্য পাওয়া যায়নি।
বিশেষজ্ঞরা বলছেন, তিনি যদি তদন্তকারীদের কাছে বিষয়টি পরিষ্কার করতে ব্যর্থ না হন; তাহলে বন্দুক বহনের অভিযোগ হোয়াইট হাউসে তার দায়িত্ব পালনে কোনও আইনি প্রতিবন্ধকতা তৈরি করবে না।
/এমপি/








