সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে বিমান থেকে চালানো ‘রাসায়নিক হামলায়’ অন্তত ৩৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষক সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
সিরিয়ান অবজারভেটরির জানিয়েছে, মঙ্গলবার সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত খান শাইখুন এলাকায় চালানো ওই বিমান হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে নয়জন শিশুও রয়েছে। হামলার পর সেখানকার অনেক মানুষ শ্বাসরুদ্ধ হয়ে বেহুঁশ হয়ে পড়েন এবং তাদের মুখ দিয়ে ফেনা বের হতে দেখা যায়। আক্রান্তদের অবস্থা দেখে একে ‘রাসায়নিক হামলা’ বলে সন্দেহ করছে সিরিয়ান অবজারভেটরি। হামলায় অন্তত ৬০ জন আহত হয়েছেন বলেও সংগঠনটি জানিয়েছে।
ইদলিবের উদ্ধারকারী ও মানবাধিকার কর্মীরাও একে ‘রাসায়নিক হামলা’ বলে চিহ্নিত করেছেন। অভিযোগ রয়েছে, ওই হামলাটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ অনুগত বাহিনীই চালিয়েছে।
এ সম্পর্কে তাৎক্ষণিকভাবে সিরীয় সেনাবাহিনীর মন্তব্য পাওয়া যায়নি। বাশার অনুগত বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে রাসায়নিক হামলার অভিযোগ উঠলেও সরকারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। গত সপ্তাহে সেনাবাহিনীর পক্ষ থেকে এসব অভিযোগকে ‘অসত্য’ বলে উল্লেখ করা হয়।
বিদ্রোহী সমর্থিত একটি টেলিভিশন চ্যানেল জানিয়েছে, মঙ্গলবার চালানো ওই হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। আহতের সংখ্যা দেড় শতাধিক।
/এসএ/








