মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘সিরীয় যুদ্ধ’ নিয়ে রাশিয়া যে প্রতিক্রিয়া জানিয়েছে, তা যুক্তরাষ্ট্রকে হতাশ করেছে। তবে মস্কোর এই ভূমিকায় বিস্মিত নয় যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এক বিবৃতিতে এসব কথা বলেন।
শুক্রবার ভোরে দুই মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস পোর্টার এবং ইউএসএস রস থেকে আসাদ সরকার নিয়ন্ত্রিত ওই বিমানঘাঁটিতে ৫৯টি টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। সিরীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতিসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। বেশ কয়েকজন আহত হয়েছেন। সার্বভৌম রাষ্ট্রের ক্ষমতাকেন্দ্রকে লক্ষ্য করে পরিচালিত এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন-এর মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্রের এ হামলা একটি সার্বভৌম দেশের ওপর আগ্রাসন। এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
যুক্তরাষ্ট্র সিরীয় সন্ত্রাসীদের মদদ দিচ্ছে বলে শুরু থেকেই অভিযোগ করে আসছে মস্কো। রুশ প্রতিক্রিয়ার জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী টিলারসন বলেন, মস্কোর অবস্থানে ‘যুক্তরাষ্ট্র হতাশ, তবে বিস্মিত নয়’।
মস্কোর পক্ষ থেকে সিরিয়ায় ট্রাম্পের আগ্রাসনকে রুশ-মার্কিন সম্পর্কের ওপর একটা আঘাত বলে উল্লেখ করা হয়। মস্কোর প্রতিক্রিয়ায় বলা হয়, দ্বিপাক্ষিক সম্পর্ক এরইমধ্যে বেশ দুর্বল অবস্থানে রয়েছে। এ হামলা সন্ত্রাসবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের লড়াইয়ে প্রতিবন্ধকতা তৈরি করবে।
প্রতিক্রিয়ায় টিলারসন বলেন, রাশিয়ার এই অবস্থান ‘আসাদ সরকারের প্রতি তাদের অব্যাহত সমর্থনকেই সামনে নিয়ে এসেছে। সুনির্দিষ্ট করে তারা সেই শাসনকে সমর্থন করে যাচ্ছে, যে শাসন ব্যবস্থায় নিজ দেশের জনগণই ভয়াবহভাবে আক্রান্ত হচ্ছে।’ সে কারণেই তাদের মন্তব্যে হতাশ হলেও বিস্মিত নন বলে জানান টিলারসন।
গত জানুয়ারিতে ক্ষমতা নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় সামরিক সিদ্ধান্তে সিরিয়া সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এই প্রথম সরাসরি হামলা চালাল। এতে করে সিরিয়ার ছয় বছরের গৃহযুদ্ধে আমেরিকার সরাসরি জড়িত হওয়ার মধ্য দিয়ে নাটকীয় উত্তেজনা শুরু হলো।
/বিএ/








