কাতারের সঙ্গে সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সম্পর্ক ছিন্নের ঘোষণার পর পরই বিশ্ব বাজারে অপরিশোধিত জ্বালানি তেল ও গ্যাসের দামে ঊর্ধ্বগতি দেখা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ১.১ শতাংশ বেড়ে তেলের দাম ব্যারেলপ্রতি ৫০.৪৮ শতাংশ হয়েছে। আর ইউএস হেনরি হাবে প্রাকৃতিক গ্যাসের দাম ১.৩৭ শতাংশ বেড়ে মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট প্রতি ৩.০৪০ ডলার হয়েছে।
সোমবার (৫ জুন) সকালে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ৪ দেশ। কাতারের বিরুদ্ধে জঙ্গিবাদে সমর্থন দেওয়ার অভিযোগ এনে এ পদক্ষেপ নেওয়ার কথা জানায় তারা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্নকারী প্রথম দেশ বাহরাইন। এরপর একে একে সৌদি আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন এবং লিবিয়াও সম্পর্ক ছিন্নের ঘোষণা দেয়।
আর এ ঘোষণার প্রভাব পড়তে দেখা যায় বিশ্ব বাজারে। জ্বালানি তেল ও প্রাকৃতিক গ্যাসের দাম বেড়ে যায়।
উল্লেখ্য, সৌদি আরব বিশ্বের বড় তেল রফতানিকারক দেশগুলোর একটি। সংযুক্ত আরব আমিরাতও তাই। আর বিশ্বে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), কম ঘনত্বের তরল জ্বালানি এবং প্রাকৃতিক গ্যাসজাত শোধিত দ্রব্যের সবচেয়ে বড় সরবরাহকারী দেশ কাতার। বিশ্বের মোট এলএনজি চাহিদার প্রায় এক তৃতীয়াংশই কাতার সরবরাহ করে থাকে। কাতারের তরল প্রাকৃতিক গ্যাসের নিয়মিত ক্রেতা মিসর এবং সংযুক্ত আরব আমিরাত। থমসন রয়টার্স এইকনের তথ্য অনুযায়ী, ২০১৬ সালের জানুয়ারি থেকে প্রতিমাসে ৮ লাখ ৫৭ হাজার ঘন মিটার তরল গ্যাস কাতার থেকে আমদানি করেছে মিসর। আর একইসময়ে এক লাখ ৯০ হাজার ঘন মিটার গ্যাস কাতার থেকে আমদানি করেছে সংযুক্ত আরব আমিরাত।
/এফইউ/








