নিউ ইয়র্কের ব্রোনস্ক হাসপাতালের চাকরিচ্যুত এক ডাক্তার ওই হাসপাতালে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়েছে। এতে কর্মরত এক ডাক্তার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন। পরে হামলাকারী ডাক্তার নিজ বন্দুকের গুলিতে আত্মঘাতী হয়েছে। তবে একে সন্ত্রাসী হামলা বলে মানতে নারাজ নিউ ইয়র্ক পুলিশ।
বিবিসির খবরে বলা হয়েছে, ওইদিন স্থানীয় সময় বেলা ৩টার দিকে চিকিৎসকের পোশাক পরিহিত এক ব্যক্তি হঠাৎ করে হাসপাতালের ভেতরে থাকা লোকজনকে গুলি করতে শুরু করে। সে সময় হতাহতের ঘটনা ঘটে। আহত ৬ জনের মধ্যে ৩ জন ডাক্তার। পুলিশ সূত্রে বিবিসি জানিয়েছে, নির্বিচারে গুলি চালানোর এক পর্যায়ে হামলাকারী নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।
পরে নিউ ইয়র্ক পুলিশ জানায়, হামলাকারী ৩৫ বছর বয়সী ডাক্তার হেনরি বেল্লো। এই হাসপাতালেরই একজন চিকিৎসক ছিলেন তিনি। ২০১৫ সালে নিজের পদে ইস্তফা দিতে বাধ্য হন তিনি। নিউ ইয়র্কের মেয়র দাবি করেছেন, এটি কোনো সন্ত্রাসী হামলা ছিল না। কর্মক্ষেত্রে শত্রুতার জের ধরে গুলিবর্ষণ করেছে হামলাকারী।
নিউ ইয়র্কের পুলিশ প্রধান জানিয়েছেন, হামলাকারী গুলি চালানোর জন্য হাসপাতালের ১৬তম তলাকে বেছে নিয়েছিলেন। হতাহতরা সবাই ১৬ ও ১৭ তলায় কর্মরত ছিলেন।
/বিএ/








