উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে ‘আমেরিকানদের জন্য তাদের স্বাধীনতা দিবসের উপহার’ হিসেবে উল্লেখ করেছেন দেশটির নেতা কিম জং উন। বুধবার (৫ জুলাই) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-এর প্রতিবেদনে কিমকে উদ্ধৃত করে এ খবর প্রকাশ করা হয় বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।
মঙ্গলবার সকালে পশ্চিমাঞ্চলীয় পিয়নগান প্রদেশের বাঘইয়োন থেকে জাপান সাগর অভিমুখে হোয়াসং-১৪ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়। যা উৎক্ষেপণের প্রায় ৩৯ মিনিট পরে ৯৩০ কিলোমিটার দূরে জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে গিয়ে পড়ে। কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়, কিম জং উন ব্যক্তিগতভাবে এ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কাজটি তত্ত্বাবধান করেন। আমেরিকানদের নেতিবাচকভাবে সম্বোধন করে তিনি বলেন, ‘আমেরিকানরা ৪ জুলাই স্বাধীনতা দিবসে পাঠানো এ উপহারটি নিয়ে খুব একটা খুশি হতে পারবে না।’
কেসিএনএ জানায়, অট্টহাসিতে ফেটে পড়ে কিম আরও বলেছেন, ‘আমেরিকানদের একঘেয়েমি কাটানোর জন্য কখনও কখনও তাদের জন্য আমাদের উপহার পাঠানো উচিত।’
উত্তর কোরিয়া এমন দিনে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো যেদিন স্বাধীনতা ঘোষণার ২৪১তম বার্ষিকী উদযাপন করছিল যুক্তরাষ্ট্র। ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্ত হওয়ার জন্য আমেরিকান বিপ্লব কিংবা স্বাধীনতা যুদ্ধ চলমান থাকা অবস্থায় ১৭৭৬ সালের ৪ জুলাই যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ঘোষণা দেওয়া হয়েছিল (ডিক্লারেশন অব ইন্ডিপেনডেন্স)। জন্ম হয়েছিল এক সার্বভৌম মার্কিন যুক্তরাষ্ট্রের (ইউনাইটেড স্টেটস অব আমেরিকা) । সেই থেকে প্রতিবছর এ দিনে যুক্তরাষ্ট্রজুড়ে সকল বর্ণ, ধর্ম, বিশ্বাস, লিঙ্গ, সংস্কৃতি ও প্রজন্মের মধ্যে স্বাধীনতা দিবস উদযাপিত হয়।
মঙ্গলবার উত্তর কোরিয়ার নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রটি আন্তমহাদেশীয় ছিলো এবং এটি যুক্তরাষ্ট্রে আঘাত আনতে সক্ষম বলে স্বীকার করেছে মার্কিন প্রশাসন। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এই পরীক্ষাকে যুক্তরাষ্ট্র ও বিশ্বের প্রতি নতুন হুমকি উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্র কখনোই পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়াকে গ্রহণ করবে না। এই ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে যুক্তরাষ্ট্র। বুধবার ১৫ সদস্য দেশ রুদ্ধদ্বার বৈঠক করবে বলে জানা গেছে।
/এফইউ/








