মিসরের সিনাই উপত্যকায় আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ১০ সেনাসদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। নিহতদের মধ্যে একজন কর্নেলসহ সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন। শুক্রবার সেনাবাহিনীর একটি চেকপয়েন্টে ট্রাক নিয়ে আত্মঘাতী বিস্ফোরণ চালালে ওই হতাহতের ঘটনা ঘটে। মিসরের সেনাসূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে আইএসপন্থী কোনও গ্রুপ এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা মাঝেমধ্যেই তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়।
২০১৩ সালে সৌদি আরব ও ইসরায়েলের পৃষ্ঠপোষকতায় সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেন দেশটির সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি। সেনাবাহিনীর অভিযানে নিহত হন সহস্রাধিক মুরসি সমর্থক। মূলত এরপর থেকেই দেশটিতে অস্থিরতা তৈরি হয়। মাথাচাড়া দিয়ে উঠে আইএসের মতো জঙ্গিগোষ্ঠী। সূত্র: আল জাজিরা, বিবিসি।
/এমপি/








