মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর দেশটির রাষ্ট্রীয় মদদে চলমান দমন অভিযান নিয়ে কর্তব্য নির্ধারণে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। কাজাখস্তানের রাজধানী আস্তানায় মুসলিম দেশগুলোর শীর্ষ সম্মেলনের অবকাশে এক দ্বিপক্ষীয় বৈঠকে দমন অভিযান বন্ধে চাপ সৃষ্টি এবং নির্যাতিতদের পাশে দাঁড়াতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানান তারা। তেহরানভিত্তিক প্রেস টিভি খবরটি নিশ্চিত করেছে।
শনিবার রাতে কাজাখস্তানের রাজধানী আস্তানায় দুই দেশের শীর্ষ নেতার এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রেসিডেন্ট রুহানি মিয়ানমারের মুসলমানদের দুর্বিসহ অবস্থার কথা উল্লেখ করে বলেন, মিয়ানমারে একটি মহা বিপর্যয় ঘটতে যাচ্ছে। এ অবস্থায় মুসলিম দেশগুলোর আশু কর্তব্য হচ্ছে রোহিঙ্গা মুসলমানদের ওপর দমন অভিযান বন্ধে চাপ দেওয়ার পাশাপাশি অবিলম্বে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও শরণার্থীদের পাশে দাঁড়ানো।
ইরানের পক্ষ থেকে রোহিঙ্গা মুসলমানদের জন্য মানবিক ত্রাণ পাঠানোর কথা উল্লেখ করে হাসান রুহানি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে মুসলিম দেশগুলো বিশেষ করে ইরান ও তুরস্কের মধ্যে সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইরানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন, আস্তানায় মুসলিম শীর্ষ নেতাদের মিয়ানমার বিষয়ক বৈঠক রোহিঙ্গা মুসলমানদের ওপর দমন অভিযান পরিচালনাকারীদের প্রতি সুস্পষ্ট ও শক্ত বার্তা পাঠাচ্ছে।
বৈঠকে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানও আশা প্রকাশ করে বলেন, আস্তানা সম্মেলন থেকে মিয়ানমার সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হবে যাতে তারা রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধ করে।








