কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাত এড়াতে স্বাধীনতার প্রশ্নে অনুষ্ঠিত গণভোটের ফলাফল স্থগিতের ঘোষণা দিয়েছে ইরাকের কুর্দিস্তান আঞ্চলিক সরকার (কেআরজি)। একইসঙ্গে তারা বাগদাদের সঙ্গে সংলাপ শুরুরও প্রস্তাব দিয়েছে। বুধবার এক বিবৃতিতে এসব প্রস্তাব তুলে ধরে কেআরজি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
বিবৃতিতে বলা হয়, অব্যাহত লড়াইয়ে কেউই বিজয়ী হবে না, বরং কিন্তু এটি দেশকে বিশৃঙ্খলার পথে ধাবিত করবে। ১৬ অক্টোবর থেকে পেশমার্গা যোদ্ধাদের সঙ্গে ইরাকি বাহিনীর যে সংঘাত শুরু হয়েছে তাতে এরইমধ্যে উভয়পক্ষ ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। এটা দীর্ঘমেয়াদে ধারাবাহিক রক্তপাতের সূচনা করতে পারে। এমন পরিস্থিতিতে সংঘাত বন্ধে আমাদের আরও দায়িত্বশীল হতে হবে।
এর আগে কুর্দিদের সঙ্গে আলোচনার প্রস্তাব দেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি। তার ওই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে কুর্দিস্তান আঞ্চলিক সরকার।
ইরাকি কুর্দিস্তানের ওই গণভোটের ঘটনায় চলতি মাসের মাঝামাঝি সময়ে কুর্দিস্তান আঞ্চলিক সরকারের ভাইস প্রেসিডেন্ট কোসরাত রসূলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। ইরাকের সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের বিবৃতিতে বলা হয়, কুর্দিস্তান আঞ্চলিক সরকারের ভাইস প্রেসিডেন্ট কোসরাত রসূল কিরকুকে দায়িত্ব পালনরত ইরাকি পুলিশ বাহিনীকে ‘দখলদার শক্তি’ হিসেবে উল্লেখ করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে গ্রেফতার পরোয়ানা জারি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, আদালত মনে করে তার এমন বক্তব্য ইরাকি সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে এক ধরনের উস্কানি। এ ঘটনায় দণ্ডবিধির ২২৬ অনুচ্ছেদ অনুযায়ী তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
কিরকুক শহরটি কুর্দিস্তানের মধ্যে অবস্থিত না হলেও কুর্দিরা এ শহরটিকে তাদের প্রাণকেন্দ্র বলে মনে করে। বাগদাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও গত ২৫ সেপ্টেম্বর কুর্দিস্তান আঞ্চলিক সরকার স্বাধীনতার প্রশ্নে গণভোটের আয়োজন করে। কিরকুকেও ওই গণভোট অনুষ্ঠিত হয়েছিল। এ ঘটনায় এর আগে কিরকুকের সদ্য সাবেক গভর্নর নাজমিদ্দিন কারিম’কে অপসারণ করে ইরাকি পার্লামেন্ট।
ইতোমধ্যেই কুর্দিস্তান আঞ্চলিক সরকারের সেনাদের কাছ থেকে কিরকুকের নিয়ন্ত্রণ নিয়েছে ইরাকি বাহিনী। আঞ্চলিক সরকার নিয়ন্ত্রিত অফিস-আদাল ও বিমান ঘাঁটির দখল নিয়েছে সরকারি সেনারা। কুর্দি বাহিনীর হাত থেকে কিরকুকের পুনর্দখল করে নিতে এক অভিযান শুরু করার পর প্রায় বিনা বাধায় সরকারি বাহিনী শহরে প্রবেশ করে। অভিযান শুরুর একদিনেরও কম সময়ের মধ্যে ইরাকি সশস্ত্র যানগুলো সরকারি দফতরগুলোর দখল নেয়। এসব দফতরে তারা ইরাকি পতাকা উড্ডয়ন করে। অভিযান শুরুর একদিনেরও কম সময়ের মধ্যে ইরাকি এলিট বাহিনীর সশস্ত্র যানের বহর প্রাদেশিক সরকারের সদর দফরগুলোর দখল নেয়।
তুরস্ক ও ইরানের মতো প্রভাবশালী আঞ্চলিক দেশগুলোর চাপ উপেক্ষা করে কুর্দিস্তানের স্বাধীনতার প্রশ্নে ওই গণভোট অনুষ্ঠিত হয়। এতে ৯৩ শতাংশ মানুষ ইরাক থেকে কুর্দিস্তানের বিচ্ছিন্নতার পক্ষে রায় দেয়।








