মিয়ানমারের পার্লামেন্ট কম্পাউন্ডের কাছে ড্রোন উড্ডয়নের অভিযোগে আটক দুই বিদেশি সাংবাদিককে বিনা অনুমতিতে প্রবেশের দায়ে অভিযুক্ত করতে যাচ্ছে মিয়ানমার। দক্ষিণ এশীয় সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে আদালতে তাদের রিমান্ড চাওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আটক দুই সাংবাদিক হচ্ছেন সিঙ্গাপুরের লাউ হন মেন এবং মালয়েশিয়ার মক চৌ লিন। তারা তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টার্কিশ রেডিও অ্যান্ড টেলিভিশন কর্পোরেশনের (টিআরটি) সংবাদকর্মী।
তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি শনিবার মিয়ানমার পুলিশকে উদ্ধৃত করে ওই দুই সাংবাদিককে আটকের কথা জানায়। আজ (রবিবার) চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, মিয়ানমারের এক্সপোর্ট-ইমপোর্ট আইনের ৮ নম্বর ধারা অনুযায়ী তাদের আটক সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত নিয়েছে মিয়ানমার। ওই দুই সাংবাদিককে জিজ্ঞাসাবাদের জন্য ৪ থেকে ১৫ দিন পর্যন্ত রিমান্ড পেতে আদালতের কাছে আর্জি জানাবে রাষ্ট্রপক্ষ।
পুলিশের দাবি, গ্রেফতার ব্যক্তিরা শুক্রবার রাজধানী নেপিদোর পার্লামেন্ট ভবন এলাকায় একটি ড্রোন উড্ডয়ন করেছিল। এ সময় তাদের সঙ্গে থাকা টেলিভিশনের যন্ত্রপাতিও জব্দ করা হয়। গ্রেফতার করা হয় তাদের চালককে। মিয়ানমারে ওই সাংবাদিকরা যেখানে উঠেছিলেন পরে সেখানে অভিযান চালিয়ে তাদের কম্পিউটার ও মেমরি স্টিক জব্দ করে পুলিশ।








