যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে সাইকেল চালানোর রুটে ট্রাকহামলায় অন্তত আট জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২জন। স্থান ত্যাগের সময় ওই ট্রাকচালক ও সন্দেহভাজন বন্দুকধারীকে গুলি করে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
স্থানীয় সময় মঙ্গলবার বিকালে (বাংলাদেশ সময় মধ্যরাতে) নিউ ইয়র্কের লোয়ার ম্যানহাটনে পথচারী ও সাইকেল আরোহীদের ওপর ট্রাক তুলে দিয়ে আট জনকে হত্যা করা হয়। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করে ম্যানহাটনে জরুরি অবস্থা ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। নিউ ইয়র্ক মেয়র বিল দ্য ব্লাসিও বলেন, ‘এটি একটি কাপুরুষোচিত সন্ত্রাসী হামলা।’
টনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে তিনি লিখেছেন, ‘নিউ ইয়র্কের সন্ত্রাসী হামলায় নিহত ও তাদের পরিবারের প্রতি আমাদের শোক ও প্রার্থনা রইল। স্রষ্টা ও দেশ আপনাদের পাশে থাকবেন।’ এর দশ মিনিট আগে পোস্ট করা আরেকটি টুৃইটে তিনি লিখেছেন, ‘মধ্যপ্রাচ্য এবং অন্যান্য স্থানে আইএসকে পরাজিত করে আসার পর এখন কোনভাবেই আমাদের দেশে তাদের ঢুকতে দেওয়া উচিত হবে না। যথেষ্ট হয়েছে।’
এক প্রত্যক্ষদর্শী জানান, একটি সাদা পিকআপ ট্রাক দ্রুত গতিতে এসে সাইকেল চালানোর রুটে ঢুকে পড়ে। সাইকেল চালকদের ওপর দিয়ে এলোপাতাড়িভাবে ট্রাকটি চালিয়ে নেওয়া হয়। অনেক মানুষ হতাহত হয়েছে এ ঘটনায়। এসময় নয় থেকে দশ রাউন্ড গুলির শব্দও শোনা গেছে বলেও জানিয়েছে প্রত্যক্ষ্যদর্শীরা
এ ঘটনায় ভেঙে না পড়ার জন্য নিউ ইয়র্কবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নগর মেয়র বিল দ্য ব্লাসিও। হামলার ঘটনার পরপরই নিউ ইয়র্ক পুলিশের সঙ্গে এক বিবৃতি দেন তিনি। নিষ্পাপ নাগরিকদের ওপর হামলার এ ঘটনাকে কাপুরুষোচিত অভিহিত করে মেয়র বলেন, আমাদের মনোবল ভেঙে দেওয়ার জন্যই এ হামলা চালানো হয়েছে। কিন্তু নিউ ইয়র্কবাসী অনেক শক্ত চিত্তের অধিকারী। সহজে আমাদের ভয় দেখানো যাবে না।’
নিউ ইয়র্ক পুলিশ জানায়, স্টুয়েভেস্যান্ট হাই স্কুলের পাশের একটি সাইকেল রুটে ট্রাক চালিয়ে হামলার পর একটি খেলনা বন্দুক দেখিয়ে স্থান ত্যাগ করার সময় ট্রাক চালককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের গুলিতে আহত হয়েছে সে। তাকে পুলিশি হেফাজতে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে তাকে।








