সিরিয়াতে মার্কিন নেতৃত্বাধীন জোট সন্ত্রাসীদেরকে সমর্থন দিয়েছে এবং পরাজিত হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তেহরান সফররত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। বৃহস্পতিবার ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সাম্প্রতিক টানাপড়েন এবং সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তেহরান সফরে রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খামেনির সঙ্গে বৈঠকে উঠে আসে সিরিয়া ইস্যু,পরমাণু চুক্তি, ইয়েমেনে সৌদি জোটের হামলা নিয়ে অনেক কিছু।
খামেনি বলেন, পরাজয় অস্বীকারের উপায় না থাকলেও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র।’ তিনি বলেন, সিরিয়া ইস্যুতে ইরান ও রাশিয়ার মধ্যকার সহযোগিতার ফলাফল প্রমাণ দিচ্ছে যে, যেকোন পরিস্থিতিতে তেহরান ও মস্কো নিজেদের লক্ষ্য অর্জন করতে পারে।
সিরিয়ায় সন্ত্রাসবিরোধী লড়াইয়ে রাশিয়ার প্রশংসা করে বলেন, সিরিয়ায় সন্ত্রাসবিরোধী লড়াইয়ে কার্যকর ভূমিকা রাখায় পশ্চিম এশিয়ায় রাশিয়ার প্রভাব বেড়েছে।
এ সময় রুশ প্রেসিডেন্ট তেহরানের সঙ্গে সব ক্ষেত্রে মস্কোর সম্পর্ক আরো গভীর করার বিষয়ে প্রস্তাব দিলে সর্বোচ্চ নেতা তাকে স্বাগত জানান। তিনি বলেন, গত কয়েক বছরের কার্যকর দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক সমস্যা সমাধানের অভিজ্ঞতাকে সম্পর্ক আরো গভীর করার ক্ষেত্রে ব্যবহার করতে হবে।
সিরিয়া ইস্যুতে ইরান ও রাশিয়ার মধ্যে যে সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে তা অব্যাহত রাখার কথা বলেন দেশটির সর্বোচ্চ নেতা।
বৈঠকে রুশ প্রেসিডেন্ট ইরানকে কৌশলগত মিত্র ও মহান প্রতিবেশী বলে বলে উল্লেখ করে বলেন, ইরানের সঙ্গে যেকোনো ক্ষেত্রে সম্পর্ক বাড়ানোর বিষয়টিকে তিনি স্বাগত জানাবেন। পুতিন বলেন, ইরান ও রাশিয়া জ্বালানি, আধুনিক প্রযুক্তি, কৃষি এবং যৌথ তেল-গ্যাস ক্ষেত্রে সম্পর্ক জোরদার করতে পারে।
সিরিয়ায় সন্ত্রাসবিরোধী যুদ্ধের ফলাফলের প্রশংসা করে পুতিন দেশটির জন্য একটি গ্রহণযোগ্য ও মাননাসই রাজনৈতিক প্রক্রিয়া বিবেচনার আহ্বান জানান।








