৩ সহস্র বছর ধরে জেরুজালেম ইসরায়েলের রাজধানী, আবারও দাবি করেছেন সে দেশের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফ্রান্স সফরে গিয়ে নিজের এই অবস্থান পুনর্ব্যক্ত করেছেন তিনি। আগেও একাধিকবার একই অবস্থান নিয়েছেন নেতানিয়াহু।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন-এর সঙ্গে বৈঠকের পর প্যারিসে একটি যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। সে সময় নেতানিয়াহু বলেন, "গত ৩০০০ বছর ধরেই জেরুজালেম ইসরায়েলের রাজধানী ছিলো এবং এটি কখনোই আর কারও রাজধানী ছিল না"।
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতি দেওয়ার পর থেকে মুসলিম বিশ্বে প্রতিবাদ বিক্ষোভের মাঝেই জাতিসংঘ মহাসচিব অ্যান্টেনিও গুয়েটেরেস সিএনএনকে বলেছেন, এই সিদ্ধান্ত মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার উদ্যোগকে ঝুঁকিতে ফেলছে। আর মধ্যপ্রাচ্যে চলমান সাংঘর্ষিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস । তিনি জেরুজালেমকে ইহুদী, মুসলিম ও খ্রিস্টানদের 'এক পবিত্র নগরী' বলেও উল্লেখ করেছেন।








