ফিলিস্তিনের ৭০ শতাংশ জনগণ প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের পদত্যাগ চান বলে দাবি করেছে ফিলিস্তিনি সেন্টার ফর পলিসি এন্ড সার্ভে রিসার্চ। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে তারা জানায়, ইসরায়েল দখল থেকে শুরু করে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেওয়ায় আব্বাসের ওপর ক্ষুব্ধ জনগণ। তারা এজন্য তার পদত্যাগ চান। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, আব্বাসের জনপ্রিয় এক পয়েন্ট থেকে ৪৬ কমে যায়। মাত্র ৩১ শতাংশ মানুষ তার ওপর সন্তুষ্ট। আর ৬৬ শতাংশ অসন্তুষ্ট।
আব্বাসের উত্তরসূরী কে হতে পারেন তার জবাবে ৩৫ শতাংশ বলেছেন মারওয়া বারঘুতির নাম। ২২ শতাংশ জানান ইসমাইল হানিয়ের কথা। মোহাম্মদ দাহলান পান ৭ শতাংশ ভোট।
জাতীয় ঐক্যের ব্যাপারে ওপিটির ৩৮ শতাংশ ফিলিস্তিনি সন্তুষ্ট। আর ৫৫ শতাংশ মানুষ এই সরকার নিয়ে অসন্তুষ্ট। ৫৫ শতাংশ তাদের নিয়ে আশাবাদী আর ৪৫ শতাংশ আশাবাদী নন। তিনমাস আগে মাত্র ৩১ শতাংশ মানুষ আশাবাদী ছিলেন। আর কোনও আশা প্রকাশ করেননি ৬১ শতাংশ।
দখলিকৃত এলাকার ৮১ শতাংশ ফিলিস্তিনি চায় ঐক্যমত্য সরকার তাদের বেতন দিক। অন্যদিকে ১৪ শতাংশ এর বিরোধিতা করেন। হামাস সরকারের নিরাপত্তা বাহিনীর সদস্যদেরও যেন ঐকমত্যের সরকার বেতন দেওয়া হোক বলে দাবি ওই ৮১ শতাংশের।
আব্বাসের ‘এক সরকার’ নীতিতে আস্থা রাখতে পেরেছেন মাত্রা ২২ শতাংশ ফিলিস্তিনি। ৭২ শতাংশ মনে করেন সশস্ত্র গোষ্ঠীগুলোর আলাদাই থাকা উচিত।
জেরুজালেমকে ইসরায়েলি রাজধানী স্বীকৃতি দেওয়ার পর ৪৫ শতাংশ ফিলিস্তিনি মনে করেন যুক্তরাষ্ট্রের সঙ্গে সকল চুক্তি বন্ধ করা উচিত ফিলিস্তিনের। এজন্য একটি আনুষ্ঠানিক অভিযোগ দেওয়া উচিত আন্তর্জাতিক অপরাধ আদালতে।
২৭ শতাংশ ফিলিস্তিনি সব ধরনের চুক্তি বন্ধ ও অপরাধ আদালতে অভিযোগ দায়েরের পাশাপাশি অসহিংস আন্দোলনের কথা বলেন। ২০ শতাংশ চান যেন ফিলিস্তিনি কর্তৃপক্ষ শুধু নিন্দা জানিয়ে চুক্তি বন্ধ করে দেয়। আর ১২ শতাংশ শুধু নিন্দা প্রকাশেই সন্তুষ্ট।
৪৪ শতাংশ ফিলিস্তিনি বিশ্বাস করেন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনে সশস্ত্র প্রতিরোধই সবচেয়ে জরুরি। আর ২৭ শতাংশ মনে করে আলোচনার মাধ্যমেই সমাধান করতে হবে। আর ২৩ শতাংশ ফিলিস্তিনির অভিমত, অসহিংস আন্দোলনই সবচেয়ে কার্যকরী। তিন মাস আগে ৩৫ শতাংশ সশস্ত্র আন্দোলনে বিশ্বাস করতো আর ৩৩ শতাংশ আলোচনা চাইতো।
বেশিরভাগ ফিলিস্তিনি মনে করেন, ট্রাম্প প্রশাসন ইসরায়েল-ফিলিস্তিনি শান্তি প্রক্রিয়ার কোনও মডেল দেবেন না। ৮৬ শতাংশ মনে করেন এই পরিকল্পনায় ফিলিস্তিনের পক্ষে কিছু থাকবে না। ৪৯ শতাংশের ধারণা আব্বাস হয়তো এই শান্তি পরিকল্পনা মেনেও নিতে পারেন। ৪২ শতাংশ তা বিশ্বাস করেন না।
ইসরায়েলি দখলকৃত এলাকার ৮২ শতাংশ ফিলিস্তিনি সৌদি আরবকে বিশ্বাস করেন না। ৭৫ শতাংশ আমিরাতকে বিশ্বাস করেন না আর ৭০ শতাংশ বিশ্বাস করে না মিসরকে।








