প্রায় চার বছরেরও বেশি সময় পর প্রথমবারের মতো আইএসের নিয়ন্ত্রণ থেকে মুক্ত অবস্থায় বড়দিন উদযাপন করছে ইরাকের মসুল শহরের বাসিন্দারা। অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, শহরের সেন্ট পল গির্জায় চার বছর পর প্রথমবারের মতো বড়দিনের গান গাওয়া হয়েছে।
২০১৪ সালে ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর মসুল দখল করে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএস। তাদের নিয়ন্ত্রণাধীন অবস্থায় কোনও খ্রিস্টান ধর্মীয় আচার পালন করতে পারতো না। অনেকেই তখন শহর থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। চলতি বছর জুলাইয়ে মসুলকে আইএস এর দখল থেকে মুক্ত ঘোষণা করে ইরাক সরকার। সোমবার বড়দিনে তাই আবার উৎসব শুরু করে খ্রিস্টান ধর্মালম্বীরা।
এবিসি নিউজ জানায়, বড়দিন উপলক্ষে গির্জাজুড়ে কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। ইরাকের চালডিয়ান ক্যাথলিক গির্জার পাদ্রি লুইস রাফায়েল স্যাকো প্রার্থনার নেতৃত্ব দেন। তিনি বলেন, আমরা সব মুসলিম ও খ্রিস্টান সবাইকে খ্রিস্টধর্ম সম্পর্কে আরও জানার আহ্বান জানাই। আমাদের চিন্তার ধরন পাল্টানো জরুরি।’
তিনি আরও বলেন, ‘অতীতে ইরাকে খ্রিস্টানরাই সংখ্যাগুরু ছিল। কিন্তু আজ তারা সংখ্যালঘু। তবে আমাদের ছাড়া মসুল কখনোই স্বকীয়রুপে থাকবে না।’
মসুল থেকে পালিয়ে যাওয়া খ্রিস্টানরা আবার ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন পাদ্রি লুইস। সাকো বলেন, তারা ফিরছে না কারণ তাদের বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে।








