ফিলিস্তিনি কারাবন্দিদের স্বজনদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে সমালোচনার মুখে পড়েছেন ইসরায়েলি এমপি ওরেন হাজান। ইসরায়েলি জেলে আটক ফিলিস্তিনিদের সঙ্গে দেখা করতে যাওয়া স্বজনদের সঙ্গে অসম্মানজনক আচরণ ও গালাগালি করার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। কারাবন্দিদের স্বজনদের বহনকারী বাসে উঠে এমন আচরণ করেন ওরেন। তার দাবি ফিলিস্তিনি কারাবন্দিরা ‘সন্ত্রাসী’। অবশ্য, বাসে থাকা এক ফিলিস্তিনি মা তাৎক্ষণিকভাবে ওরেনের অপমানের জবাব দিয়েছেন। নিজের সন্তানকে সর্বোৎকৃষ্ট মানুষ দাবি করে বলেছেন ওরেন ইসরায়েলি এমপি নাকি প্রধানমন্ত্রী তা তিনি পরোয়া করেন না।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এর প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৫ ডিসেম্বর) ইসরায়েলি জেলে আটক থাকা ফিলিস্তিনিদের সঙ্গে দেখা করতে একটি বাসে চেপে রওনা করেন ফিলিস্তিনি স্বজনরা। গাজা উপত্যকা থেকে ওই ইসরায়েলের দক্ষিণাঞ্চলের নাফহা কারাগারে যাচ্ছিলেন তারা। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস, ওই বাসটিকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছিল। গাজা সীমান্ত এলাকা থেকে ক্যামেরাসহ ওই বাসে ওঠেন ইসরায়েলি এমপি ওরেন হাজান। স্বজনদেরকে তিনি বলেন কারাবন্দিরা ‘সন্ত্রাসী’।
ওই ঘটনার ভিডিওটি এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ওরেন এক কারাবন্দির মায়ের সঙ্গে চিৎকার করে বলে ওঠেন, তার ছেলে ‘কীট’ এবং ‘কুকুর’। ওই ফিলিস্তিনি মা পাল্টা ওরেনকে বলেন, ‘কীট? আমার ছেলে সেরা মানুষ। তাকে যে কুকুর বলবে সে নিজেই কুকুর।’ ওরেন যখন ওই ফিলিস্তিনি মাকে নিজের পরিচয় দিলেন তখন ওই মা উল্টো বলে ওঠেন, ওরেন এমপি নাকি প্রধানমন্ত্রী নেতানিয়াহু তা তিনি পরোয়া করেন না।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ঘটনার আগে টুইটারে ইসরায়েলি পতাকা হাতে একটি ছবি পোস্ট করেন ওরেন। ছবিটি পোস্ট করতে গিয়ে তিনি ফিলিস্তিনি বন্দিদের 'পশু' হিসেবে উল্লেখ করেন। ওরেন লিখেছেন, 'পশুদের পরিবারকে বহনকারী বাসের জন্য অপেক্ষা'।
ইসরায়েলি এমপির এই ধরনের আচরণের নিন্দা জানিয়ে রেড ক্রস বলেছে, ফিলিস্তিনি পরিবারগুলোর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা ইসরায়েলের দায়িত্ব। রেড ক্রসের এক বিবৃতিতে বলা হয়, সোমবার যা ঘটেছে তা গুরুত্বের সঙ্গে নিয়েছে তারা।
ইন্টারন্যাশনাল রেডক্রসের গাজাবিণয়ক মুখপাত্র সুহাইর জাককোট বিবৃতিতে বলেন, ‘সম্মানজনকভাবে প্রিয়জনের সঙ্গে দেখা করার অধিকার ফিলিস্তিনি পরিবারগুলোর আছে।’ ফিলিস্তিনিদের জন্য নিরাপদ ও হস্তক্ষেপহীন কারা পরিদর্শন নিশ্চিত করাটা কর্তৃপক্ষের দায়িত্ব বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।
ওরেন বর্তমান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির সদস্য। তার দাবি, গাজায় ইসরায়েলি কারাগারগুলো বন্ধ এবং সেখানে সেনারা ফিরে না আসা পর্যন্ত ফিলিস্তিনি পরিবারগুলোর কারা পরিদর্শন বাতিল করে আইন পাসের তাগিদ দিতে তিনি ফিলিস্তিনি স্বজনদের সঙ্গে বিবাদে জড়িয়েছেন।








