সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে চিকিৎসার জন্য সিরীয়দের দামেস্কে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রস। এক টুইটবার্তায় তারা জানায়, ‘ইস্টার্ন ঘুতা থেকে গুরুতর অসুস্থদের রাজধানীতে আনা হচ্ছে।’ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, ১৩০ জনেরও বেশি শিশুর জরুরি সহায়তা প্রয়োজন। গত সপ্তাহে যুক্তরাজ্যের এক দাতব্য সংস্থা জানিয়েছিল, সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ ঘুতা থেকে সাতজন ক্যান্সার আক্রান্ত শিশুকে বের করার অনুরোধ করবেন।
ইস্টার্ন ঘুতার ১২ শতাংশ শিশুই অপুষ্টিতে ভুগছে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার সন্ধ্যায় রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি অ্যাম্বুলেন্সের ছবি দিয়ে জানায় তারা আক্রান্তদের সরিয়ে আনবে। তবে কিভাবে এত মানুষদের সরানো সম্ভব হবে সেটা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা।
সিরিয়ান আরব রেড ক্রিসেন্ট পরে শিশুদের ছবি প্রকাশ করে। সেখানে বলা হয় যে দামেস্কে তাদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।
গত সপ্তাহে ইউনিয়ন অব মেডিকেল কেয়ার এন্ড রিলিফ অর্গানাইজেশনের পরামর্শক হামিস দে ব্রেটন বলেন, ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য পরিকল্পনা করছেন বাশার আল আসাদ। তিনি বলেন, আমরা জানি যে আসাদ বিষয়টি নিয়ে চিন্তা করছেন। মঙ্গলবার তার সঙ্গে সরাসরি কথা বলার চেষ্টা করি আমরা। তিনি আমাদের পরিকল্পনায় সায় দিলে আমরা যতদ্রুত সম্ভব ঘুতায় পৌঁছে যাবো।
সংস্থাটি ইস্টার্ন ঘুতায়ই কার্যক্রম পরিচালনা করে। বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনও বক্তব্য দেয়নি সিরীয় সরকার।
চলতি মাসের শুরুর দিকে রেড ক্রস জানিয়েছিল ইস্টার্ন ঘুতায় বসবাস করা অসম্ভব হয়ে পড়েছে। জাতিসংঘও চেষ্টা করছে অসুস্থদের বের করে নিয়ে আসার। খাবার সংকট ও অপুষ্টিতে ভুগছেন অনেকে।








