ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত ১০ দিনে ১০৯ জন বেসামরিক নিহত হয়েছে। এর মধ্যে একটি জনাকীর্ণ বাজারে হামলায় ৫৪ জন এবং একটি খামারে হামলায় একই পরিবারের ১৪ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী জেমি ম্যাকগোল্ডরিককে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবরটি জানিয়েছে।
২০১৫ সালে ইয়েমেন হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে আবারও ক্ষমতায় ফেরাতে হুথিদের বিরুদ্ধে অভিযান শুরু করে তারা। জাতিসংঘের মতে, এই অভিযানে ১০ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। ঘরহীন হয়েছেন ৭০ লাখ মানুষ।
বৃহস্পতিবার জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কার্যালয়ের প্রাথমিক খবরকে উদ্ধৃত করে ইয়েমেনে সাম্প্রতিক বিমান হামলা নিয়ে একটি বিবৃতি দিয়েছেন ম্যাকগোল্ডরিক। তিনি জানান, মঙ্গলবার তাইজের আল হায়মা এলাকায় বিমান হামলায় ৫৪ জন নিহত এবং ৩২ জন আহত হয়। এরমধ্যে নিহতদের ৮ জন এবং আহতদের ৬ জন শিশু। একইদিনে হোদেইদাহর আত্তহায়তা এলাকার একটি খামারে বিমান হামলায় ১৪ জন নিহত হয়। এছাড়া ১০ দিনে অন্যান্য এলাকায় বিমান হামলায় আরও ৪১ বেসামরিক নিহত হয়েছে।








