নিউ ইয়র্কের ব্রংকসে একটি অ্যাপার্টমেন্ট ভবনে আগুন লেগে অন্তত ১২ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন। মৃতদের মধ্যে বছরখানেকের একটি শিশুও রয়েছে বলে জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র বিল দে ব্লাসিও।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ফোর্ডহাম ইউনিভার্সিটি এবং ব্রংকস জু এর কাছে প্রসপেক্ট এভিনিউতে ভবনটি অবস্থিত। স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে ৫ তলা ওই ভবনের একটি তলায় আগুন লাগে। তারপরেই তা ছড়িয়ে পড়ে ১৯১৬ সালে তৈরি গোটা বাড়িতে। শহরের দমকল বিভাগের একটি টুইটে বলা হয়, ১৬০ জনেরও বেশি দমকলকর্মী আগুন নেভানোর কাজে নামেন।
এক সংবাদ সম্মেলনে নিউ ইয়র্ক সিটি মেয়র বিল দে ব্লাসিও জানিয়েছেন আগুন এখন নিয়ন্ত্রণে আছে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।
মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ৫ তলা ভবনটিতে ২০টিরও বেশি ফ্ল্যাট রয়েছে। ১০০ বছরেরও বেশি সময় আগে ভবনটি নির্মাণ করা হয়েছে।








