স্বায়ত্ত্বশাসিত অঞ্চল কুর্দিস্তানে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরও দুই মাসের জন্য বাড়িয়েছে ইরাক সরকার। গত সেপ্টেম্বর মাসে কুর্দিস্তানকে ইরাক থেকে বিচ্ছিন্ন করার লক্ষ্যে অনুষ্ঠিত গণভোটের পর বাগদাদ সরকার শাস্তিমূলকভাবে এই পদক্ষেপ ঘোষণা করেছিল। বিমান বন্দরের এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, এই নিষেধাজ্ঞা ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
গত ২৫ সেপ্টেম্বর ইরাক থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য কুর্দিস্তানের আঞ্চলিক সরকার গণভোটের আয়োজন করে। কুর্দিস্তানের স্বাধীনতার পক্ষে গণভোটের রায়ও আসে। কিন্তু ইরাক সরকার তা মেনে নিতে অস্বীকৃতি জানায়। পাশাপাশি প্রতিবেশী দেশগুলো বিশেষ করে ইরান ও তুরস্ক কুর্দি সরকারের ওই পদক্ষেপের তীব্র বিরোধিতা করে। তাদের দাবি, কুর্দি সরকারের এ পদক্ষেপের ফলে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি হবে। কুর্দিস্তানের স্বাধীনতা প্রশ্নে অনুষ্ঠিত গণভোটকে কেন্দ্র করে গত সেপ্টেম্বরে বহির্বিশ্বের সঙ্গে কুর্দিস্তানের বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
কুর্দিস্তানের রাজধানী ইরবিলের বিমানবন্দরের পরিচালক তালার ফাইক সালিহ বৃহস্পতিবার জানিয়েছেন, ইরাকের পরিবহন মন্ত্রণালয় থেকে একটি বার্তা পাঠানো হয়েছে। সেখানে বলা হয়েছে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত নিষিদ্ধ থাকবে। তিনি জানান, শুধু অভ্যন্তরীণ ফ্লাইট চলাচলের অনুমতি আছে।








